সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার কার্যক্রম ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হচ্ছে
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার কাজ বৃহস্পতিবার থেকে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল - ১ এর বিচারক সৈয়দ নূরুদ্দিনের আদালতে শুরু হচ্ছে।
মামলার পিপি আব্দুল লতিফ তালুকদার জানান, গৌতম দাস হত্যা মামলার বিচার কাজের প্রথম দিনে হাজির হওয়ার জন্য আসামিদের প্রতি সমন জারি করা হয়েছে।
গত বছর ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে সন্ত্রাসীরা তার অফিস কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। ওইদিন রাতে ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই গোলাম নবী গত ২১ জানুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জসীমউদ্দিন খানের আমলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি ১০ জনের মধ্যে ৬ জনকে কোতয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে। এদের তিনজন ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ফরিদপুরের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মামলাটিকে চাঞ্চল্যকর বিবেচনা করে ২৯ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
