লন্ডন থেকে প্রথম বেসরকারি এয়ারলাইন্স ডানা মেলবে খুব শীগগিরই
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের অর্থায়নে প্রথমবারের মতো লন্ডন থেকে একটি বেসরকারি যাত্রীবাহী এয়ারলাইন্স চালু হতে যাচ্ছে। বেসরকারি সংস্থা রয়েল বেঙ্গল এইয়ারলাইন্স এ উদ্যোগ নিয়েছে।
সংস্থা সূত্রে জানা যায়, এ বছর নাগাদ চালু হতে যাওয়া এই আকাশ পরিসেবার জন্য এয়ারলাইন্সটি প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বিডিনিউজকে জানান, আমরা এ বছরের শেষ নাগাদ লন্ডন থেকে ঢাকার আকাশে ডানা মেলার পরিকল্পনা নিয়েছি।
জানা যায়, প্রাথমিক পর্যায়ে সংস্থাটি বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে লন্ডন -- ঢাকা, লন্ডন -- ইসলামাবাদ, লন্ডন -- দিল্লি এবং বার্মিংহাম -- দুবাই -- ঢাকা রুট।
তবে ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিডিনিউজকে জানান, ঢাকার আকাশে ফ্লাইট চালানোর জন্য রয়েল বেঙ্গল এয়ারলাইন্স নামক কোনো সংস্থা এখনো আবেদনই করেনি।
তিনি জানান, ওই এয়ারলাইন্সটি আবেদন করলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবে।
এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান আরো জানান, তাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশী যাত্রীদের সুবিধার্থে মধ্যপ্রাচ্যে এবং কয়েকটি অভ্যন্তরীণ রুটে কানেক্টিং ফ্লাইট পরিচালনা করা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা এভিয়েশন ব্যবসায় একটি বিস্ফোরণ ঘটাতে যাচ্ছি। এ জন্য এভিয়েশন বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের যথেষ্ট সহযোগিতা পাবো বলেই আশা করছি’।
এয়ারলাইন্সটির মুখপাত্র চৌধুরী হাফিজ জানান, প্রাথমিক পর্যায়ে তারা পাঁচটি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে সুপরিসর বোয়িং -- ৭৪৭ এবং বোয়িং -- ৩২০ রয়েছে।
তিনি আরো জানান, ব্যবসা চালু করার জন্য এরই মধ্যে তারা লন্ডন, ঢাকাসহ সংশ্লিষ্ট বড় বড় শহরগুলোতে অফিস খুলেছেন।
রয়েল বেঙ্গল এয়ারলাইন্সটির একজন পরিচালক ও সাবেক পাইলট মিজানুর রহমান বলেন, দীর্ঘ পাঁচ বছর কঠোর পরিশ্রমের পর আমাদের এয়ারলাইন্সটি যাত্রা করতে যাচ্ছে।
