শিক্ষক বখতিয়ার রানার বিতর্কিত নির্বাচন বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত শিক্ষক বখতিয়ার রানার নির্বাচন বাতিলের দাবিতে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মাথায় কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
একই দাবীতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও অব্যাহত রয়েছে।
সূত্র জানায়, মার্কেটিং বিভাগে অবৈধ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ও বখতিয়ার রানার নির্বাচন বাতিলের দাবীতে বিভাগের শিক্ষার্থীরা শনিবার বেলা ১১ টার দিকে রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে মাথায় কালো কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দিন, দিপায়ন সরকার দিপ, হেলাল আহমেদ ও বাবু পারভেজ।
বক্তারা বলেন, আগামী ২ আগস্টের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বখতিয়ার রানার সিলেকশন বাতিল না করলে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট কর্মসূচী ঘোষণা করা হবে।
নৈতিক স্খলনের অভিযোগে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহি®কৃত শিক্ষক বখতিয়ার রানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ জুন অনুষ্ঠিত সিলেকশন বোর্ডের সভায় মার্কেটিং বিভাগের শিক্ষক নির্বাচন করা হয়।
এছাড়া ওই সভায় দুটি বিজ্ঞাপিত পদের বিপরীতে অতিরিক্ত আরো সাত জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এর প্রতিবাদে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ১৫ জুলাই থেকে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে আসছে।
