২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউইয়র্ক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ক্রমাগত লোকসানের মুখে দীর্ঘ এক দশক পর বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-০১১ নম্বর ফ্লাইটটি ছিল এ রুটে বিমানের সর্বশেষ ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিমান সপ্তাহে দু’টি ফ্লাইট নিয়ে নিউইয়র্ক রুটটি চালু করে ১৯৯৩ সালে। পরে লাভের মুখ না দেখায় ফ্লাইটের সংখ্যা কমিয়ে সপ্তাহে একটি করা হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিমানের আর্থিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই রুটে প্রতিটি ফ্লাইটের জন্য বিমানকে লোকসান গুণতে হতো ৫৫ লাখ টাকা। জনগণের করের টাকায় এভাবে কতদিন চলতে পারে?

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি মেয়াদোত্তীর্ণ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার দায়ে বিমানকে সতর্ক করে দেয়। বিমান নিউইয়র্ক রুটে ৩০ বছরের পুরনো ডিসি--১০ উড়োজাহাজ ব্যবহার করতো। ফেডারেল এভিয়েশন অথরিটির মতে, ওই বিমানগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার মতো যথেষ্ট নিরাপদ ও সংবেদনশীল যান্ত্রিক সুবিধাসম্পন্ন নয়।

বর্তমানে ২৬টি আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী বিমান বহরে পাঁচটি ডিসি--১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ--২৮ উড়োজাহাজ রয়েছে।