২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক - কর্মচারীরা মন্ত্রী - সাংসদদের বাসার সামনে অবস্থান নিলেন, শিক্ষামন্ত্রী বললেন, টাকা নেই

বেতন -- ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চার সপ্তাহ ধরে আন্দোলনরত শিক্ষক - কর্মচারী ঐক্যজোট শনিবার সারাদেশে সরকার দলীয় সাংসদদের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। একই সঙ্গে তারা ঢাকায় শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সকাল ১১ টায় করিমগঞ্জ -- তাড়াইলের শত শত শিক্ষক -- কর্মচারী শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের বাসার সামনে অবস্থান নেন। এ সময় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সাথে পুলিশের সাথে বাক -- বিতণ্ডা হয়।

পরে শিক্ষামন্ত্রী আন্দেলনকারীদের সঙ্গে এক বৈঠক করেন। শিক্ষামন্ত্রী তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন। তবে তিনি এ’ও বলেন, বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার ওপর নির্ভর করছে।

এদিকে সূত্রাপুর এলাকার শিক্ষক -- কর্মচারীরা  সকাল ১১ টায় মেয়র সাদেক হোসেন খোকার বাসার সামনে অবস্থান ধর্মঘট করেন।  

ঢাকা -- ৪ নির্বাচনী এলাকার প্রায় ৩০০ শিক্ষক -- কর্মচারী সকালে এক ঘন্টা সাংসদ সালাহউদ্দিন আহমদ বাসার সামনে অবস্থান করে। এ সময় সাংসদ শিক্ষকদের দাবিসমূহ প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে আশ্বাস দেন। 

সাভারে সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিনের বাসার সামনে অবস্থান নেন শতাধিক আন্দোলনকারী। তবে এ সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন।    

এদিকে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক -- কর্মচারীরা শনিবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ৩১ জুলাই থেকে ৩ আগস্ট দেশের সবক’টি জেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের মূল ফটকে ব্যানার টানানো, জেলা প্রশাসকের মাধ্যমে সংস্থাপন ও শিক্ষা মন্ত্রনালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ, ওই সময়ের মধ্যে শিক্ষানন্ত্রীর সাথে সাক্ষাত ও স্মারকলিপি পেশ -- ইত্যাদি।

এছাড়া আন্দোলনরত জাতীয় শিক্ষক -- কর্মচারী ফ্রন্ট রোববার সকল উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে। তাদের ১ আগস্ট জেলা সদরের প্রধান সড়ক ও নৌ পথ অবরোধ করার কর্মসূচি রয়েছে।