আইএমবি’র প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ম্যারিটাইম ব্যুরোর (আইএমবি) ২০০৬ সালের প্রথমার্ধের প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরকে জলদস্যু হামলার দিক থেকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত করার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ (সিপিএ)। বন্দর কর্তৃপক্ষের পাঠানো প্রতিবাদ পত্রে শনিবার আইএমবি’র প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘ভুল’ বলে অভিহিত করা হয়।
সমুদ্রে জলদস্যুতা নিয়ে গবেষণাকারী ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২২টি জলদস্যুতার ঘটনা ঘটেছে। জলদস্যুতার ঘটনার দিক থেকে চট্টগ্রাম বন্দর শীর্ষে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বন্দর কর্তৃপক্ষ তাদের প্রতিবাদ পত্রে জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে ২০০৬ সালের প্রথমার্ধ্বে মাত্র ১২ টি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহাদত হোসেন বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে আমরা শনিবার আইএমবি’র কাছে প্রতিবাদ পত্র পাঠিয়েছি। আইএমবি চট্টগ্রাম বন্দরে জলদস্যুতা সম্পর্কে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং এখানে গত কয়েক বছর ধরে এ ধরনের ঘটনার সংখ্যা কমে এসেছে।
তিনি বলেন, আইএমবি এমন তথ্য কোথায় পেয়েছে জানি না।
কুয়ালালামপুরভিত্তিক আইএমবি’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জলদস্যুতার দিক থেকে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
আইএমবি’র প্রতিবেদনে বলা হয়, জলদস্যুরা আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজের নাবিকদের ওপর আক্রমণ করে এবং সহিংস ঘটনা ঘটায়।
শাহাদাত হোসেন আইএমবি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, কয়েকটি চুরির ঘটনা ছাড়া চট্টগ্রাম বন্দরে জলদস্যুতার কোনও ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জানিয়েছি।
২০০৫ সালের একই সময়ের মধ্যে বাংলাদেশে মাত্র আটটি এবং ইন্দোনেশিয়ায় ৪২ টি জলদস্যুতার ঘটনা ঘটে। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর সাথে এসে যুক্ত হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়ার নাম।
আইএমবি’র প্রতিবেদনে ২০০৬ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী ১২৭ টি জলদস্যুতার ঘটনার কথা উল্লেখ করা হয়। ২০০৫ সালের একই সময়ে সমান সংখ্যক ঘটনা ঘটেছিল। তবে ২০০৪ সালের একই সময়ে জলদস্যুতার ঘটনা ছিল ১৮২ টি এবং ২০০৩ সালে ছিল ২৩১ টি।
২০০৬ সালের প্রথমার্ধে জলদস্যুদের হামলায় বিশ্বে ছয়জন নাবিক নিহত হন। এর মধ্যে ১৫৬ জনকে জিম্মি এবং ১৩ জনকে অপহরণ করা হয়। জলদস্যুরা ৭৪ টি জাহাজে হামলা চালায় এবং ১১ টি জাহাজ ছিনতাই করে।
