পদ্মার ভাঙ্গনে চাঁপাইনবাগঞ্জের হাজার হাজার মানুষ গৃহহারা, ভেস্তে গেছে ১১৯ কোটি টাকার প্রকল্প
১১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার ফলে পদ্মা নদীর প্রচণ্ড ভাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ আজ বাস্তুচ্যুত।
ভাঙ্গন কবলিত এলাকাগুলো হচ্ছে -- সদর উপজেলার চরবাগডাঙ্গা ও সুন্দরপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার উজিরপুর, ছত্রাজিতপুর ও পাঁকা ইউনিয়নের বিভিন্ন এলাকা।
স্থানীয়রা জানায়, ২০০৪ সালে ডিসেম্বরে প্রধানমন্ত্রী শিবগঞ্জের পদ্মা নদীর ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণের প্রতিশ্র“তি দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংশোধিত আকারে ৮১ কোটি টাকার একটি পিসিপি তৈরি করে আইডব্লিউ এম’র সদর দফতরে জমা দেয়। এ প্রকল্পটি পরীক্ষা--নিরীক্ষায় সময় লাগার কারণে পাউবো পূর্বের ৫৪ কোটি টাকার প্রকল্পটির টেন্ডার আহবান করে। কিন্তু একনেকে পাস না হওয়ার কারণে কার্যাদেশ দিতে পারেনি। তবে এ টেন্ডারে গত বছর ২০ কোটি টাকা ব্যয়ে পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের বিভিন্ন দিক মেরামত ও এক হাজার ৮০ মিটার ঝুঁকিপূর্ণ এলাকায় নদী তীর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়।
পাউবো জানায়, টেন্ডারকৃত প্রকল্পটি এখনও একনেকে পাস হয়নি। ৮১ কোটি টাকার প্রকল্পটি সম্প্রতি আই ডব্লিউ এম কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর পাউবোর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পাউবো’র উপ--বিভাগীয় প্রকৌশলী মামুন বিডিনিউজকে জানান, আই ডব্লিউ এম’র রিপোর্টে উজানে হার্ডপয়েন্টের প্রস্তাব বাদ দিয়ে শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি হতে কমলাকান্তপুর স্পার নং ৩ পর্যন্ত এবং সদর উপজেলায় অবস্থিত ৬ ও ৭ নং স্পার এলাকায় প্রতিরোধ প্রাচীর তৈরির সুপারিশ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তীর সংরক্ষণ কাজের উজানে ও ভাটিতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙ্গনের তাণ্ডবলীলা। উজিরপুর ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ৩শ’ ৬০টি পরিবার আশ্রয় নিয়েছে।
নদী ভাঙ্গনের কারণে ১৯২৭ সালে প্রতিষ্ঠিত উত্তর উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে চামায় সরিয়ে নেয়া হয়েছে। পদ্মা নদী থেকে মাত্র ১৫ থেকে ২০ গজ দূরে স্কুলটি অবস্থিত ছিল।
দক্ষিণ উজিরপুর বিন পাড়ার লিয়াকত আলী (৫০) বিডিনিউজকে জানান, গত আট বছরে চারবার তার বাড়িঘর এবং জমি নদীগর্ভে বিলীন হয়েছে। লিয়াকত আলীর মতো ভাঙ্গন কবলিত এলাকার অনেকেইে এ ধরনের কথা জানান।
এসব এলাকার লোকজন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাঁধের দু’ পাশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কেউ তাদের দুঃখ--কষ্ট বোঝে না। কেউ তাদের কথা শোনে না বলে তারা অভিযোগ করে।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার মোহদিপুর ও বহালাবাড়ির মধ্যবর্তী স্থানে পদ্মা ও পাগলা নদীর দূরত্ব মাত্র দেড়শ’ মিটার। আট রশিয়া গ্রামে ভাঙ্গন দেখা দেয়ায় এখানেও পদ্মা ও পাগলা নদীর দূরত্ব ক্রমশঃই কমছে। দু’ নদী একীভূত হবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক এবং পাঁচটি ইউনিয়নের বর্ধিষ্ণু ২৫ থেকে ৩০টি গ্রাম নদীগর্ভে বিলীন হবে। সেই সাথে হুমকির সম্মুখিন হবে চাঁপাইনবাবগঞ্জ শহর।
তারা আরও জানায়, বিগত সরকারের শেষদিকে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা--নারায়ণপুর নামক স্থানে পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের মধ্যে ছিল ৮টি সলিড স্পার, ২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছোট বড় ২টি ক্রসজাম প্রভৃতি। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ায় গোড়াতেই কাজ বন্ধ হয়ে যায়।
বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় এসে কাজ শুরু করলেও তিন বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ৮টি স্পারের মধ্যে ৪টি পুরোপুরি ও একটির অর্ধেক পানি তোড়ে ভেসে গেছে। মূল পদ্মা ভেঙ্গে ক্রমশঃই পাগলা নদীর দিকে ধেয়ে আসছে।
এলাকাবাসী অভিযোগে জানায়, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, নক্সা ও নির্মাণ কাজের ত্র“টির কারণে পদ্মার ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
প্রকল্পের বামতীরের ১ নং স্পার ডানতীরে, ২ নং স্পার মাঝনদীতে আর ৭ও ৮ নং স্পার ভেসে গেছে পদ্মাগর্ভে। এর ফলে বাকি স্পারগুলো কোন ভূমিকা রাখতে না পারায় পদ্মার ভাঙ্গন অব্যাহত রয়েছে। সেই সাথে ভেস্তে গেছে ১১৯ কোটি টাকার বাম তীর সংরক্ষণ প্রকল্প।
