২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুতে শেরপুর ক্ষোভ

শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে শেরপুর চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্থানীয় তিনানী বাজার মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা জেলার স্বাস্থ্য বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ডাক্তারদের অর্থলিপ্সার ফাঁদে পড়ে জীবন দিতে হচ্ছে সাধারণ লোকজনকে। এদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই।

তারা অভিযোগ করেন, ক্লিনিক ডাক্তার সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে পড়েছে জেলার স্বাস্থ্য ব্যবস্থা।

অভিযোগে জানা গেছে, সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সাহাব্দীর চর দশানীপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল মোতলেবের অন্তঃসত্ত্বা স্ত্রী হাসিনা বেগমকে (৩৫) গত ২৪ জুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের গাইনী চিকিৎসক ডা: কামরুন্নাহার আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চাটি মৃত বলে অপারেশনের পরামর্শ দেন।

ডা: কামরুন্নাহার অপারেশনে রাজি হলেও এনেসথেসিস্ট ডা: আবুল মুনসুর তাতে রাজি না হয়ে উপরন্তু ১২ হাজার টাকার বিনিময়ে স্থানীয় একটি ক্লিনিকে অপারেশনের জন্য রোগীর আত্মীয়স্বজনকে চাপ দেন। ২৭ জুলাই রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই তার মৃত্যু হয়।

এই খবর ছড়িয়ে পড়লে.রোগীর আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

শুক্রবার আবদুর রউফ বিএসসির সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাফিজুর রহমান দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী চাষী, জাসদ নেতা মনিরুল ইসলাম লিটন, কৃষক দল নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, সাংবাদিক মেরাজউদ্দিন, শিক্ষক কামরুজ্জামান, নাগরিক কমিটির নেতা আবুল হোসেন আবু প্রমুখ।

সভায় বক্তারা চিকিৎসা সেবাদানে অবহেলাকারী ডা: আবুল মুনসুরের শাস্তি ও সিভিল সার্জন ডা: ফিরোজ মিয়ার পদত্যাগ দাবি করেন।