বার্ড ফ্লু প্রতিরোধে আঞ্চলিক সমন্বয় জোরদার করতে হবে: নয়াদিল্লীতে ড. মোশাররফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বার্ড ফ্লু প্রতিরোধে কার্যকর কর্মসূচি প্রণয়ন এবং আঞ্চলিক সমন্বয় জোরদার করতে হবে। অন্যথায় এ রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব হবে না।
শুক্রবার ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ‘রিজিওনাল কনফারেন্স অব মিনিস্টার্স অব হেলথ, এগ্রিকালচার/লাইভস্টক অন এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এন্ড পেন্ডামিক’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ বার্ড ফ্লু প্রতিরোধে বাংলাদেশের গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, বাংলাদেশ এখনও এ রোগের সংক্রমণ থেকে মুক্ত নয়। এ রোগ প্রতিরোধে বাংলাদেশ ইতিমধ্যেই জাতীয় কৌশল প্রণয়ন করেছে এবং জাতীয় ভিত্তিতে প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আইসিডিডিআরবি এবং সরকারের ইনস্টিটিউট অব এপিডেমলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ-আইইডিসিআর এ রোগের বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে এবং গবেষণা কাজের জন্য একটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বার্ড ফ্লু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি-এইচএনপিএসপি’র আওতায় ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতা জোরদার করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. রামাদাস সভাপতিত্ব করেন। পরে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনের প্রথম ওয়ার্কিং সেশনে সভাপতিত্ব করেন।
প্রসঙ্গত, মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অপর সদস্য স্বাস্থ্য সচিব এ কে এম জাফরউল্লাহ খান।
