ভোটার তালিকা হালনাগাদের জন্যে বরাদ্দ নিয়ে বাহাসের অবসান ঘটালেন অর্থমন্ত্রী
নির্বাচন কমিশনকে দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজে নতুন বরাদ্দ দিতে অবশেষে রাজি হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা বাহাসের অবসান ঘটলো।
শুক্রবার সকালে ইরান থেকে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং নির্বাচন গণতন্ত্রের অন্যতম হাতিয়ার--- নির্বাচন ছাড়া কোনও গণতন্ত্রই থাকবে না।
তিনি বলেন, কেবল সুষ্ঠূ নির্বাচনের স্বার্থেই এ অর্থ দেওয়া হবে এবং এজন্য বরাদ্দ রয়েছে।
এরআগে ১৮ জুলাই ভোটার তালিকা দ্বিতীয় দফায় হালনাগাদ করার কাজে বরাদ্দ চাইতে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা অর্থমন্ত্রীর মন্ত্রীর সাথে সাক্ষাত করলে তিনি তা দিতে অস্বীকার করেন।
আগে কেন অস্বীকার করেছিলেন, সে ব্যাপারে জানতে চাওয়া হলে সাইফুর রহমান বলেন, তিনি জানতে চেয়েছিলেন প্রথম যে বরাদ্দ দেওয়া হয়েছিলো তার সঠিক ব্যবহার হয়েছে কিনা। তিনি বলেন, মন্ত্রণালয়কে অবশ্যই জাতির কাছে স্বচ্ছ থাকতে হবে।
অর্থমন্ত্রী বলেন, প্রথম দফায় ভোটার তালিকা প্রণয়নে বরাদ্দকৃত ৬৪ কোটি টাকার মধ্যে যে ৪২ কোটি খরচ দেখানো হয়েছে মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় তার পরীক্ষা নিরীক্ষা চালাবে।
বাংলাদেশ ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের ৪র্থ বৈঠকে অংশ নিতে অর্থমন্ত্রী ২৩ জুলাই তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
তিনি জানান, ইরান বাংলাদেশে তিন মাসের মধ্যে দাম পরিশোধ করা হবে এই শর্তে অপরিশোধিত তেল রপ্তানিতে রাজি হযেছে, যদিও বাংলাদেশ এজন্য ছয় মাস সময় চেয়েছিলো।
তিনি জানান, উভয় দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে--- বাণিজ্য, বিনিয়োগ, মৎস্য, রেলওয়ে, তথ্য প্রযুক্তি ও পর্যটন।
সাইফুর রহমান বলেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর করেছি।
দুদেশের মধ্যে বর্তমানে মোট ৭০ মিলিয়ন ডলারের বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রয়েছে ৫০ মিলিয়ন ডলার।
সাইফুর রহমান আশা প্রকাশ করে বলেন, পিটিএ স্বাক্ষরের পর মোট বাণিজ্যের পরিমান ২০০ মিলিয়ন ডলারে দাঁড়াবে।
তিনি জানান, ইরান বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, নির্মান ও ফার্মাসিউটিক্যাল খাতে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে। এছাড়াও চট্টগ্রামের ইর্স্টাণ ওয়েল রিফাইনারি’র বিএমআরই তে সহযোগিতা প্রদান এবং বাংলাদেশে আরও একটি তেল পরিশোধন প্ল্যান্ট স্থাপন করার প্রস্তাব দিয়েছে দেশটি।
বাংলাদেশ ও ইরানের মধ্যে পর্যটন শিল্পে পারস্পরিক সহযোগিতার জন্যে সফরকালে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয় বলেও অর্থমন্ত্রী জানান।
