২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৮ চরমপন্থীর মৃত্যুদণ্ড

খুলনা নগরীর বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউপি চেয়ারম্যান শেখ মোস্তফা হাবিব (৪৫) হত্যা মামলায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি নামের চরমপন্থী সংগঠনের আট ক্যাডারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে খুলনা জেলা ও দায়রা জজ একেএম ইশতিয়াক হোসাইন বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চারজনকে বেকসুর খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন - শেখ আকরাম হোসেন, কামরুল ইসলাম, জামিল হোসেন, নূরে আলম, মিনহাজ সরদার (১), আরজান, শহীদ গোলদার ও মতিয়ার রহমান।

মামলার বিবরণীতে জানা যায়, ১৯৯৯ সালের ৩ এপ্রিল পূর্ব শত্র“তার জের ধরে চরমপন্থী দলের সদস্য আকরাম হোসেনের নেতৃত্বে দণ্ডপ্রাপ্ত আসামীরা উপজেলার নয়নখালি এলাকায় ইউপি চেয়ারম্যান শেখ মোস্তফা হাবিবকে গুলি ও জবাই করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের মা আমেনা খাতুন নয়জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি (সার্কেল-ক) দোস্ত মোহাম্মদ ২০০২ সালের ৪ এপ্রিল ১২জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

৩৩জন সাক্ষীর মধ্যে ১৫জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে এপিপি মোমিনুল ইসলাম এবং আসামী পক্ষে অ্যাডভোকেট মোস্তফা ইউনুস মামলাটি পরিচালনা করেন।