রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত কমপক্ষে ২০
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা - রংপুর মহাসড়কের বৈরীগঞ্জে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জেএস পরিবহনের একটি নৈশকোচ কুড়িগ্রাম যাওয়ার পথে ওই স্থানে এসে অপর একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দু’ব্যক্তি নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ২০ জন।
পরে ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী একটি দল মিঠাপুকুর থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নাজমুল (৪৫), খলিলুর (৫০), মামুনুর (৩০), মোজাম্মেল (৪০), হারুন (৩০), বিপুল চন্দ্র (৩০), মোমেনা বেগম (৩০), জারিনা (৫০), বিউটি (২০), সন্তোষ (৩০), মাহবুব (৩৮), বিপুল চন্দ্র (৩০), দিলীপ (২৫), বকুল (৩৮) ও তমজিজুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন।
আহত ও নিহতরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।
