সাতক্ষীরায় জজ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতকে বৃহস্পতিবার বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
বেলা ১১টায় অজ্ঞাত সন্ত্রাসীরা আদালতের একটি কক্ষে বোমা সদৃশ একটি বস্তুর ওপর খামের মধ্যে হুমকি সম্বলিত একটি চিরকুট রেখে যায়। এ নিয়ে আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়। পরে অবশ্য বোমা সদৃশ বস্তুটির ভিতর থেকে হোমিওপ্যাথি ঔষধের শিশি পাওয়া যায়।
এ ব্যাপারে সাতক্ষীরার সদর থানার ওসি মো: শাহজাহান পিপি এম জানান, সদর সহকারী জজ মো: শামীম আজাদের কক্ষে বোমা সদৃশ ওই বস্তুটির সঙ্গে থাকা একটি খামের মধ্যে ওই চিরকুটটি পাওয়া যায়।
তিনি জানান, আতংক ছড়ানোর জন্যই সম্ভবত কেউ এ কাজ করেছে। তবে দুপুর ৩টা পর্যন্ত এ রকম কোন ঘটনা ঘটেনি।
চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার সদর সহকারী জজ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। তবে চিরকুটটিতে কারও কোনো পরিচয় ছিল না।
এদিকে এ খবর প্রচার হওয়ার পর আদালত ও কালেকটরেট ভবন এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। লোকজন আতংকে তাড়াতাড়ি ওই এলাকা ত্যাগ করে।
এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
