২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি সেতু ইস্যুতে মেয়র মহিউদ্দিনের অবস্থান রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত: ব্যারিস্টার নাজমুল হুদা

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, কর্ণফুলি নদীর ওপর নির্মাণাধীন সেতুর প্রস্তাবিত নকশার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিনের অবস্থান রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

‘মেয়র মহিউদ্দিন একজন ভিন্নধর্মী রাজনীতিবিদ’ উল্লেখ করে বুধবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন, তাই হয়তো নেত্রীর (আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা) নির্দেশে নাব্যতার দোহাই তুলে তিনি রাজনৈতিক অবস্থান নিয়েছেন।’

তিনি বলেন, যারা উন্নয়নের পরিবর্তে দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায় তারাই এ ধরণের উন্নয়নধর্মী কাজের বিরোধীতা করে।

ব্যারিস্টার হুদা জানান, তিনি অবশ্যই মেয়র মহিউদ্দিনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন; তাকে বোঝানোর চেষ্টা করবেন, যাতে তিনি প্রস্তাবিত নকশানুযায়ী  সেতু তৈরীর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন।

এ সময় মেয়র মহিউদ্দিনের বক্তব্যের বিরুদ্ধে এবং প্রস্তাবিত নকশার পক্ষে বিশেষজ্ঞদের দিয়ে সাংবাদিকদের সামনে একটি কারিগরী প্রদর্শণীরও আয়োজন করা হয়। বিশেষজ্ঞরা জানান, প্রস্তাবিত নকশানুযায়ী সেতু নির্মাণ করা হলে নাব্যতা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই।

কাটাহিরা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ’র বিশেষজ্ঞ এমএ আজিজ অবশ্য উল্লেখ করেন, বিশ্বের কোথাও এমন কোনো ব্রিজ নেই যার কোনো ‘মেইটেনানস ড্রেসিং’ দরকার হয় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, সবচেয়ে কম খরচ বলে তিনটি নকশার একটি প্যানেল থেকে ‘এক্সট্রাডোস গার্ডার ব্রিজ’ ডিজাইনটি বেছে নেওয়া হয়েছে। বাকি নকশাগুলো ছিল ঝুলন্ত ব্রিজ ও ‘ক্যাবল স্টে ব্রিজ’।

৫০০ কোটি টাকারও বেশী খরচে ৯৫০ মিটার দীর্ঘ এই  সেতুর নির্মাণ কাজ আগামী ৮ আগস্ট শুরু হওয়ার কথা। তবে নির্মাণ কাজ স্থগিত রাখার বিষয়ে আদালাতের আদেশ রয়েছে।