এবার হজযাত্রীদের বিমান ভাড়া গুণতে হবে ১৩০০ থেকে ১৪০০ ডলার
এবার হজযাত্রীদের বিমান ভাড়া এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ মার্কিন ডলার হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তাবিত এই ভাড়া শিগগিরই সংস্থার পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হবে।
বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্বে জেট ফুয়েলের দাম বাড়ায় গতবারের তুলনায় বিমান এবার হজ ফ্লাইটের ভাড়া আড়াই থেকে সাড়ে তিনশ ডলার বাড়ানোর ওই প্রস্তাব দিতে যাচ্ছে।
গত বছর হজ যাত্রীদের বিমান ভাড়া ছিলো এক হাজার ৫০ ডলার। সে বছর প্রায় ৬০ হাজার ব্যালটি ও নন ব্যালটি যাত্রী পবিত্র হজ আদায় করেন।
বিমান আশা করছে, এ বছরও হজ যাত্রীর সংখ্যা হবে প্রায় ৬০ হাজার। এর মধ্যে অর্ধেক যাত্রী বিমান আর বাদবাকী সৌদিয়া পরিবহনে ভ্রমণ করবেন।
জানা যায়, হজ কেলেঙ্কারি এড়াতে এবার বিমান আগেভাগে দুটি উড়োজাহাজ ইজারা নিচ্ছে। এর মধ্যে একটি এয়ারবাস ও আরেকটি বোয়িং ৭৩৭ ইজারা নেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বিমানের পরিচালনা পর্ষদের সভায় উড়োজাহাজ ইজারার বিষয়টিও চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, বিমান গতবার ভর্তুকি দিয়ে প্রথমে ৯৫০ মার্কিন ডলারে হজ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিলে সৌদিয়াসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য এয়ারলাইন্স এই ভাড়ায় হজ ফ্লাইট চালাতে অস্বীকার করে। শেষ মুহূর্তে বিমান হজ ফ্লাইটের ভাড়া এক হাজার ৫০ মার্কিন ডলার করতে বাধ্য হয়।
সূত্র মতে, হজ ফ্লাইট নিয়ে এই টানা -- হেঁচড়ার জের ধরে তৎকালীন বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মাদ নাছির উদ্দিন পদত্যাগ করতে বাধ্য হন।
