২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু বিষয়ক বিভিন্ন প্রকল্পের ৪৬৩ কোটি টাকা ব্যয় করতে ব্যর্থ হয়েছে মন্ত্রণালয়গুলো

বিভিন্ন মন্ত্রণালয় ২০০৫--০৬ অর্থবছরে শিশুদের জন্যে বরাদ্দকৃত ৪৬৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সর্বদলীয় সংসদীয় গ্র“প (এপিপিজি) আয়োজিত ‘শিশু অধিকার সংরক্ষণে সাংসদ ও রাজনৈতিক নেতাদের ভূমিকা’ শীর্ষক সংলাপে বুধবার এ কথা বলা হয়।

আওয়ামী নেতা কর্নেল (অব.) ফারুক খান এমপি সংলাপে বলেন, শিশুদের স্বার্থ রক্ষায় ব্যর্থতার কারণ হিসেবে আমরা সব সময়ই অর্থনৈতিক বাধার কথা উল্লেখ করি। অথচ দুঃখের সাথে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়ে শিশুদের জন্যে বরাদ্দকৃত অর্থ ফেরত পাঠিয়েছে।    

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, শিশু অধিকার ও শিশুর জন্যে সুবিচার নিশ্চিত করতে সরকার শিশু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই শিশু কমিশন গঠিত হবে। তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে।

আলোচনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ দেশে শিশু নির্যাতনের ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে শিশু অধিকার সংরক্ষণের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রাখার সুপারিশ করেন।  

এর মধ্যে সংসদে প্রধান বিরোধী দলের সদস্যরা শিশু অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন। তারা বলেন, শিশু অধিকার রক্ষায় সরকারের কোনো মনযোগ নেই। বাজেটে শিশুদের বিষয়টি প্রাধান্য পায়নি। আওয়ামী লীগ সরকারে গেলে শিশু অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে বলে অঙ্গীকার করেন। তাদের বর্তমান ২৩ দফা কর্মসূচিতেও এ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তারা জানান।

এদিকে সরকারি দলের পক্ষে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এর বিরোধিতা করে বলেন, শিশু অধিকার সংরক্ষণের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না-- এটি সত্য। শিশুর ওপর শারীরিক নির্যাতন বন্ধ করা উচিত।

মন্ত্রী শিশু কমিশমন গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, শিশু আইন এবং শিশু নির্যাতন ও প্রতিবন্ধী শিশুদের বিষয়ে প্রণীত আইনের যথাযথ প্রয়োগের জন্যেই কশিমন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিশনের মাধ্যমে শিশু অপরাধের বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। তাছাড়া সাধারণ আদালতে মায়েদের সঙ্গে যেসব বাচ্চা রয়েছে, তাদের জন্যে ডে কেয়ার সেন্টার গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক শিশু অধিকার সংরক্ষণে জাতি সংঘ প্রণীত শিশু অধিকার সনদ বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান।

আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শিশু অধিকারসহ সকল অধিকারই নিশ্চিত হবে, যদি সংসদীয় ও রাজনৈতিক অধিকার বাস্তবায়ন হয়। এসব স্পর্শকাতর বিষয়ে অবশ্যই সংসদে মুক্তআলোচনার সুযোগ থাকতে হবে। তিনি সংসদে ইস্যুভিত্তিক আলোচনার ক্ষেত্রে সরকারের নেতিবাচক মনোভাবের তীব্র সমালোচনা করে বলেন, বিরোধী দল চাইলেও এ সরকার কখনো স্পর্শকাতর বিষয়ে আলোচনার সুযোগ দেয় না। এমনকি আইন প্রণয়নও তারা তাদের ইচ্ছে মতোই করে।

তিনি শিশু নির্যাতন, শিশু অপরাধ বৃদ্ধির জন্যে সামাজিক কুসংস্কার, সহিংস রাজনীতি, দারিদ্র্য, অসংসদীয় আচরণকে দায়ী করেন। রাজনীতির উর্ধ্বে থেকে সহিংস রাজনীতি পরিহার করে শিশু অধিকার নিশ্চিত করার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

এপিপিজির উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সুইডেন ডেনমার্ক ও পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট-- এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।

প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন--এর ক্রিস্টিন জুথিন জেপিসেন। পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট ও এপিপিজির পক্ষ থেকে শিশু অধিকারের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্যে সুপারিশমালা উস্থাপন করা হয়। মূল বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি সাংসদ লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আওয়ামী লীগ সাংসদ ফারুক খান, শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, জাপা সাংসদ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী প্রমুখ।

এপিপিজির ভাইস চেয়ারম্যান সাংসদ অধ্যাপক ড. সিরাজুল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট--এর নির্বাহী পরিচালক শিশির শীল।