দেশে আরও ২টি উপজেলা ও ১টি পুলিশ তদন্ত কেন্দ্র হচ্ছে
দেশে আরও দুটি উপজেলা ও একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক সংস্কার সম্পর্কিত সচিব কমিটির বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাপন সচিব, আইন সচিব, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন শেষে এ সিদ্ধান্ত বাস্তাবায়ন হবে।
নতুন উপজেলা দুটো হবে ফরিদপুরের শালিথা ও রাজবাড়ীর কালুখালী।
এছাড়াও টাঙ্গাইলের হেমায়েত নগরের পুলিশ ফাঁড়িকে পুলিশ তদন্ত কেন্দ্রে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, বৈঠকে প্রশাসনের ভেতরের বিভিন্ন বিশৃংখলা, সংস্কার ও আগামী তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রশাসনের কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়।
এ ব্যাপারে স্থানীয় সরকার সচিব এসএম জহিরুল ইসলাম জানান, দুটি নতুন উপজেলা গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক সংস্কার বিষয়ে কোনো আলোচনার কথা তিনি অস্বীকার করেন।
