২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশী নির্যাতনে আহত ফটো সাংবাদিকদের ক্ষতিপূরণ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট টেস্ট’র তথ্য ও আলোকচিত্র সংগ্রহ করতে গিয়ে পুলিশের নির্যাতনে আহত সাংবাদিকদের কাছে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ অর্থ বিতরণ করেন। তবে অধিকাংশ সাংবাদিকই অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত।

মন্ত্রণালয় ক্ষতিপূরণ বাবদ ঢাকার নয়জন সাংবাদিককে চার লাখ ৫৯ হাজার ৭৭৪ টাকা এবং চট্টগ্রামের ১২ সাংবাদিককে এক লাখ ৯১ হাজার ৭৯৩ টাকাসহ মোট ছয় লাখ ৫১ হাজার ১৬৭ টাকা বরাদ্দ করেছে।

দৈনিক যুগান্তরের সাইদুর রহমান শামীম, বাংলাবাজার পত্রিকার মাকসুদা লিসা, চট্টগ্রামের সাংবাদিক অভিজিত বনিকসহ কয়েকজন সাংবাদিক তাদের ক্ষতিপূরণের এ অর্থ গ্রহণ করেন। বাদবাকী সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে এ অর্থ গ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র এক অংশের সভাপতি মোজাম্মেল হক, মহাসচিব রুহুল আমীন গাজী, ডিইউজে’র একাংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা ক্ষতিপূরণের অর্থ প্রদান ও দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আবারো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের সাথে আমাদের সব সময় সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক যেনো ভবিষ্যতে আরো সুদৃঢ় হয়, সেজন্য আমাদের একসাথে কাজ করতে হবে।

তিনি ভবিষ্যতে এ ধরণের ঘটনা সম্পর্কে সতর্ক থাকার আশ্বাস দিয়ে বলেন, দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।