২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ফেরত ৩০০ যাত্রীর মালামাল জিয়া’র গোডাউনে আটকা, হয়রানির শিকার যাত্রীরা

সৌদি আরবে বসবাসকারী প্রায় ৩০০ বাংলাদেশী যাত্রীর মালামাল জিয়া আন্তার্জাতিক বিমানবন্দরের গোডাউনে দুমাস ধরে আটকা পড়ে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বৈধ কর পরিশোধ করার পরও যাত্রীরা তাদের মালামাল ফেরত পাচ্ছেন না। উপরন্তু তারা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

নগরীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যাত্রীরা এ অভিযোগ করেন। বাংলাদেশ আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে যাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির নেতা বিল্লাল হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি ডা. আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ মুন্সি, ইউসুফ হায়দার, একরাম উদ্দিন আহমেদ প্রমুখ।

ভূক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের ব্যাগগুলো কয়েকবার পরীক্ষা করা হয়েছে, এতে কোনো অবৈধ কোনো মালামাল পাওয়া যায়নি। এরপরেও হয়রানি করার জন্য বিমানবন্দরের কাস্টমস ফ্রেইট’র উপ কমিশনার মুবীনুল কবির মালামালগুলো আটকে রেখেছেন।

তারা বলেন, মালামাল খালাস করার জন্য বারবার ধর্না দিয়েও কোনো সুরাহা হয়নি।  উপরন্তুগোডাউনের বিপুল ভাড়াসহ হাজার হাজার টাকা ঘুষ চাওয়া হচ্ছে।

যাত্রীরা জানান, বিষয়টি এরই মধ্যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এতেও কোনো ফল হয়নি।

বিডিনিউজের পক্ষ থেকে অভিযুক্ত কাস্টমস ফ্রেইট’র উপ কমিশনার মুবীনুল কবির’র সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তার অফিস থেকে বলা হয়, ‘তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন না।’