৬ মাসে বিএসএফ’র গুলিতে ২৪ বাংলাদেশী নিহত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বিডিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশী নাগরিকদের উপর একের পর এক হামলা করা হচ্ছে।
এতে বলা হয়, গত ছয় মাসে বিনা উস্কানিতে বিএসফ’র গুলিতে ২৪ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়। এর মধ্যে ১৯ জনকে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করা হয়। এছাড়াও আরো অনেকে এ ধরনের হামলায় আহত হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিএসএফ’র আচরণ অপ্রত্যাশিত ও ইন্দো - বাংলাদেশ সীমান্ত নীতিমালার বিরোধী। এ ধরনের আচরণ দু’টি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিরাজমান সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
বিডিআর মহাপরিচালকের পক্ষে পাঠানো প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার ও সম্পর্কের কারণে বিডিআর এসব ঘটনা ধৈর্য্যরে সাথে পর্যবেক্ষণ করছে। তবে প্রতিটি সীমান্ত ফাঁড়িকে সর্তক অবস্থায় রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সমস্যা সমাধানে বিএসএফ কর্তৃপক্ষ নির্বিকার থাকে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ৯ জুনের একটি ঘটনার কথা বলা হয়।
ওই দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নিমতলা ফাঁড়ি এলাকায় বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের নাগরিকদের ওপর হামলা করে। বিডিআরও পাল্টা আক্রমণ করে। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পরদিন ১০ জুন দু’ পক্ষের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিডিআর কুষ্টিয়ার সেক্টর কমান্ডার উপস্থিত থাকলেও কোনো কারণ বা খবর না দিয়েই ভারতের কৃষ্ণনগর বিএসএফ’র ডিআইজি অনুপস্থিত থাকেন।
