২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের পদযাত্রা কর্মসূচিতে নাশকতা হতে পারে: গোয়েন্দা সংস্থার আশঙ্কা, ১ম লিড

সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে, ২৫, ২৬, ২৯ ও ৩০ জুলাইয়ে বিরোধী দলীয় পদযাত্রা কর্মসূচিতে নাশকতামূলক হামলা হতে পারে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর রোববার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের জন্যে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ কাজে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে বাবর বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে সরকার ও বিরোধী দলের অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি থাকবে, যাতে নাশকতামূলক হামলা হতে পারে।

তিনি বলেন, তাদের (বিরোধী দলকে) অবশ্যই সহযোগিতা করতে হবে। আইন শৃংখলা রক্ষায় আমরা বিরোধী দলের সহযোগিতা না পেলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে।

এদিকে, ১৪ দলীয় বিরোধী জোট সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেছে, তাদের পদযাত্রা কর্মসূচিতে কোনও ধরনের হামলা হলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।

বৈঠক সূত্র জানায়, বিরোধী দলের পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নিশ্চয়তার বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়ন করা হবে।

তিনি বলেন, ‘পদযাত্রা’ কর্মচূচির নিরাপত্তা জোরদার করতে, র‌্যাব সদস্যরা ওইসব এলাকার বাড়ির ছাদে অবস্থান নেবে, এবং অংশগ্রহনকারীদের সকলকেই নগরীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালানো হবে।”

তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিরোধী দলের নেতাদের সাথে আলাপ করে নিরাপত্তার ব্যাপারে তাদের সহযোগিতা চাইছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী গণ গ্রেপ্তার করার অভিযোগ অস্বীকার করেন।

বৈঠক সূত্র জানায়, চার দলীয় জোট সরকারের মেয়াদের শেষের দিকে দেশে এবং দেশের বাইরে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈঠক সূত্র আরও জানায়, বৈঠকে আইন প্রয়োগকারীদের প্রতি সন্দেহভাজন সকল দুস্কৃতিকারীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আত্মগোপন করে থাকতে পারে এমন বিভিন্ন হোটেলসহ সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালাতে বলা হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান, সকল উপ-কমিশনার, সহকারী কমিশনার এবং অফিসার-ইন-চার্জবৃন্দ উপস্থিত ছিলেন।