২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে ঢাবি শামসুন্নাহার হলে পুলিশী হামলার চতুর্থ বর্ষপূর্তি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে বর্বরোচিত পুলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ ঘটনার চতুর্থ বর্ষপূর্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রোববার বিভিন্ন ছাত্র সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রাত ১২টা ১ মিনিটে চারটি ছাত্রী হলই শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে। শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীরা দুপুরে অপরাজেয় বাংলা’র পাদদেশ থেকে একটি র‌্যালী বের করে। পরে তা হলে গিয়ে শেষ হয়। 

ছাত্রলীগ বটতলায় শামসুন্নাহার হলের ঘটনার ছবি প্রদর্শন করে। দুপুরে ছাত্রলীগ মুখে কালো কাপড় বেঁধে মধুর ক্যান্টিন থেকে র‌্যালী বের করে। র‌্যালীটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এ বর্বরোচিত ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দোষীদের শাস্তির দাবি জানান।

প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ইউনিয়নও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে। এ ছাড়া ছাত্র ইউনিয়ন শামসুন্নাহার হলের দেয়ালে প্রতিবাদী চিত্র এঁকে এ ঘটনার প্রতিবাদ জানায়। তারা পুলিশী হামলার তদন্ত রিপোর্ট প্রকাশ এবং বিচারের দাবি জানায়। ছাত্র ইউনিয়ন সন্ধ্যা ৭ টায় আলোর মিছিলের কর্মসূচি গ্রহণ করে।  

জাতীয়তাবাদী ছাত্রদল এ ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং অপরাজেয় বাংলার পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ঢাবি সভাপতি হাসান মামুন শামসুন্নাহার হলের ঘটনার জন্য তৎকালীন প্রভোস্ট সুলতানা শফিকে দায়ী করেন। তিনি ছাত্রলীগের ছবি প্রদর্শনীর কথা উল্লেখ করে বলেন, এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃত ঘটনা জানার জন্য এখানে প্রভোস্ট সুলতানা শফির কুশপুত্তলিকা স্থাপন করা প্রয়োজন ছিল।