সাভারে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা: অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রীমা আক্তারের (১০) হত্যাকারী সুমনের ফাঁসির দাবিতে শনিবার সন্ধ্যায় প্রায় পাঁচশ শিক্ষার্থী ও কয়েক হাজার এলাকাবাসী মিছিল করেছে।
মিছিল শেষে রাতে খাগুড়িয়া বিদ্যালয়ের সভাকক্ষে রীমা হত্যার প্রতিবাদ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় রীমার পরিবার ও স্কুলের সভাপতিসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তরা হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত সুমনের অবিলম্বে ফাঁসি দাবি করেন।
খাগুড়িয়া গ্রামের শাজাহান মিয়ার স্কুল পড়–য়া কন্যা রীমা ৮ জুলাই স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর এক পর্যায়ে পাশের বাড়ির সুমনের কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। পরে সিআইডি পুলিশের এএসআই হোসনে আরা ১৭ জুলাই সুমনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সুমন রীমাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।
পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী ১৮ জুলাই খাগুড়িয়া এলাকার ধইনচা ক্ষেত থেকে রীমার মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে রীমার পিতা বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।
