২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআরএফ’র বৈঠকে প্রাধান্য পাবে সন্ত্রাস দমন ইস্যু: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সদস্য পদ পেতে যাচ্ছে

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৮ জুলাই অনুষ্ঠেয় এআরএফ’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সদস্য পদ লাভ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে সন্ত্রাস দমনের বিষয়টি প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বিডিনিউজকে বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থ, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা ও সংলাপকে উৎসাহিত করতে এআরএফ’র ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এটা বাংলাদেশের জন্য নতুন দিক উন্মোচন করবে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এআরএফ’র ১৩তম বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পরাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সন্ত্রাস দমন এবং দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ে অতীতে আমাদের ভালো রেকর্ড রয়েছে। এআরএফ- এ আমাদের প্রবেশের মাধ্যমে আমরা ফোরামে বৃহৎ পরিসরে অবদান রাখতে পারবো বলে আশা রাখি।  

গত বছরের জুলাইয়ে ভিয়েতনামে আসিয়ান আঞ্চলিক ফোরামের ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশকে এআরএফের ২৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিকে স্বাগত জানানো হয় এবং এ ব্যাপারে সকলে সম্মতি জ্ঞাপন করে।

এআরএফ আসিয়ানভুক্ত ১০টি দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রাশিয়া, পূর্ব তিমুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের একত্রিত করছে।

সন্ত্রাস দমনে সহযোগিতা ছাড়াও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ, নৌ নিরাপত্তার উন্নয়নের মতো বিষয়গুলোও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সূত্র জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এআরএফের বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু কর্মসূচি এবং মায়ানমারের গণতন্ত্র উন্নয়নের বিষয়গুলো উত্থাপন করবে।

আসিয়ান--ইউএস এনহেন্সড পার্টনারশিপ বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বুসানে ২০০৫ সালের নভেম্বরে এশিয়ান প্যাসিফক ইকনোমিক কো--অপারেশনের (এপিইসি) অর্থনৈতিক নেতাদের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং আসিয়ানভুক্ত দেশের নেতারা এ ব্যাপারে প্রস্তাব রাখেন।

১৯৯৪ সালে ২৫টি দেশ এআরএফ গঠনে এগিয়ে আসে। সংগঠনটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে এবং এশিয়ার নিরাপত্তার ব্যাপারে প্রধান সংগঠনে পরিণত হয়েছে।

আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে ব্র“নেই দারুস সালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মায়ানমার।