সড়ক দুর্ঘটনায় মহিলা আ.লীগের দুই কেন্দ্রীয় নেত্রী আহত
কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মহিলা আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেত্রী এবং তাদের গাড়ির চালক আহত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদিকা জলি কবিরকে আশংকাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালের ভর্তি করা হয়।
আহত যুগ্ন সাধারণ সম্পাদিকা ফরিদুন্নাহার লাইলির হাত ও পা ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত অবস্থায় তাকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ফরিদুন্নাহার লাইলি ও জলি কবির নোয়াখালিতে সংগঠনের এক সভায় যোগ দেওয়ার জন্য
ভোরে ঢাকা থেকে প্রাইভেট কার যোগে রওয়ানা দেন। সকাল ৭ টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস ধাক্কা দিলে তাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ আরোহী দুই নেত্রীই দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিকভাবে তাদের ঢাকায় নেওয়া হয়।
সংবাদ পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ তাদের দেখতে হাসপাতালে যান।
