বিশ্বমানের ঔষধ শিল্প প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আন্তর্জাতিক মানের ঔষধ শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ঔষধ শিল্পের কাঁচামাল এবং ওষুধ উৎপাদনে সম্ভাব্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সরকার শিগগিরই একটি এপিআই পার্ক গড়ে তুলবে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দু দিনব্যাপী ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কংগ্রেস ২০০৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। বাংলাদেশ ঔষধ সমিতি (বিপিএস) আয়োজিত কংগ্রেসের প্রতিপাদ্য ছিল ‘মানসম্পন্ন ঔষধ, মানসম্পন্ন সেবা’।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে ঔষধ প্রশাসন পরিদপ্তরকে শিগগিরই একটি অধিদপ্তরে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন।
বিপিএস বিভিন্ন সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিকতা বিবেচনা করে তিনি দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন।
খালেদা জিয়া মানসম্পন্ন ঔষধ ও জনগণের স্বাস্থ্যের ব্যাপারে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে জাতীয় ঔষধ নীতি ২০০৫ প্রণয়ন এবং ওষুধ নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০০৫ জাতীয় সংসদে পাস।
২০০১ সালে ঔষধ রপ্তানিতে বাংলাদেশের আয় ছিল ৩২ কোটি টাকা। ২০০৫ সালে তা বেড়ে ১৫৬ কোটি টাকায় উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
বর্তমানে বাংলাদেশ দেশের চাহিদার ৯৭ শতাংশ ঔষধ উৎপাদন করছে। বিশ্বের ৬৭ টি দেশে বাংলাদেশ ১৮২ টি ব্র্যান্ডের ওষুধ এবং কাঁচামাল রপ্তানি করছে। জাপান, কানাডা, ইতালি, কোরিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মিজানুর রহমান সিনহা, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি এসএম শফিউজ্জামান, বিপিএস সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
