গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত, আহত ১
গাজীপুর শহরের বাঙালগাছ এলাকায় জয়দেবপুর -- পূবাইল সড়কে বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রী নিহত ও অপর একজন আহত হয়েছে।
নিহতের নাম- কনিকা (১৫), সে দশম শ্রেণীর ছাত্রী এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের জনৈক খালিদ হোসেন বুদ্দুর মেয়ে।
গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কনিকা ও তার বান্ধবী সীমা রাস্তার পাশে একটি গাছের নিচে বসে গল্প করছিল।
এসময় পূবাইল থেকে আসা পিকআপ ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু’জনকে চাপা দিয়ে পাশের ১৫ ফুট নিচে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনিকা নিহত হয়। বিকালে নিহতের লাশ পরিবারের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই ঢাকা নিয়ে যাওয়া হয়। আহত সীমাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানা পুলিশ পিকআপটি আটক করে।
