২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্পে ঋণ প্রদান পর্যালোচনা করে সুপারিশের জন্য কমিটি গঠিত

হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর ও পুনর্বাসনের জন্যে প্রয়োজনীয় ব্যাংক ঋণ সরবরাহ পদ্ধতি সম্পর্কিত রিপোর্ট প্রণয়ন করার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গর্ভণরকে প্রধান করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের ৯ জুলাই জারি করা এক সার্কুলারে বলা হয়, ওই কমিটি ট্যানারি শিল্পের জন্য বর্তমান হাজারীবাগের জায়গার বিপরীতে নেওয়া ব্যাংক ঋণ ও সাভারে নতুন স্থাপিত শিল্প নগরীর বিপরীতে স্থানান্তর ব্যবস্থার পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন, ট্যানারি শিল্পের আধুনিকায়নে নূন্যতম সরল সুদের মাধ্যমে (৩%) ব্যাংক ঋণের প্রস্তাব পর্যালোচনা, ট্যানারি স্থানান্তরের লক্ষে সরকারি কোষাগার বা উন্নয়ন সহযোগিদের মাধ্যমে সুদবিহীন থোক বরাদ্দের প্রস্তাব মূল্যায়ন এবং ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রম সহায়ক অন্য যে কোন বিষয় পর্যালোচনা ও সুপারিশ প্রদান করবে।

তবে কমিটি গঠনের ১০ দিন পার হওয়া সত্তেও তারা কোন বৈঠকে বসতে ব্যর্থ হয়েছে বলে শিল্প মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। আগার্মী সপ্তাহে কমিটিটি বৈঠকে বসতে পারে বলে সূত্র জানায়। 

২০০৩ সালে সরকার নগরীর প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রায় ১শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে সাভারে ২শ’ একর জায়গার উপর একটি পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প নগর গড়ে তোলার প্রকল্প গ্রহণ করে।

প্রস্তাবিত প্রায় ২শ’ টি ট্যানারি কারখানা সেখানে স্থাপন করা হলে ১ লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী দুই বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও অহেতুক বিলম্ব ও উদাসীনতার কারণে স্থানান্তর না হওয়ায় হাজারীবাগ এলাকায় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়েছে।

ট্যানারি ব্যাবসায়ীদের মতে, হাজারীবাগ এলাকার ২শ’ ১৭ টি কারখানার মধ্যে প্রায় ১শ’ ৫০ টি কারখানা সাভারে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সরকার গঠিত কমিটির সদস্য হারুন চৌধুরী বলেন, এই কারখানাগুলোর বিভিন্ন ব্যাংকের কাছে প্রায় ১ হাজার ২শ’ কোটি টাকার ঋণ রয়েছে, যা স্থানান্তরের আগে সমন্বয় করতে হবে।

বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া, চামড়াজাত পণ্য ও চামড়া রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ)’র সভাপতি টিপু সুলতান বলেন, কারাখানার শাখাগুলো স্থানান্তরের ফলে তারা সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

টিপু সুলতান বিডিনিউজকে বলেন, প্রতিটি কারখানা স্থানান্তরের জন্য আমাদের ৮ কোটি টাকা করে প্রয়োজন হবে এবং আমরা এই ব্যায়ের মাত্র ২৫ ভাগ বহন করতে সক্ষম। এই কারখানাগুলো স্থানান্তরের জন্য তারা সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।