ডেসার সিস্টেম লস ১০%--এ নামিয়ে আনার নির্দেশ
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) আগামী অক্টোবরের মধ্যে সিস্টেম লস ১০ থেকে ১২ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সভায় এ নির্দেশ দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার বলেছেন, ডেসার বর্তমান ২০ দশমিক ১৩ শতাংশ সিস্টেম লস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডেসার সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগে আয়োজিত সভায়, ডেসার রাজস্ব আদায় পরিস্থিতি ও সিস্টেম লস, পিডিবি’র কাছে দেনা, গ্রাহক সেবার মান এবং টঙ্গি বিতরণ এলাকাকে ডেসকোর কাছে হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা হয়।
ডেসার পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি বর্তমানে পিডিবি’র কাছ থেকে মাসে ৪০ কোটি ইউনিট বিদ্যুৎ কেনে। কিন্তু এর বিপরীতে বিল করা হয় ৩৩ কোটি ৪৪ লাখ ইউনিট বিদ্যুতের। অর্থাৎ বিতরণকালে ৬ কোটি ৫৬ লাখ ইউনিট বিদ্যুতের কোনো হিসাব থাকে না।
বলা হয়, কোনোভাবেই সংস্থার কারিগরি লোকসান ৬ থেকে ৭ শতাংশের বেশি নয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে মিটার রিডিং থেকে বিল আদায় পর্যন্ত পুরো কাজকে আউট সোর্সিং করা যায় কি--না-- তা বিশ্লেষণ করে সুপারিশ দেওয়ার জন্যে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
সুপারিশের আলোকে ডেসার বোর্ড বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আনোয়ারুল কবির তালুকদার ডেসার গ্রাহক সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ সমস্যা নিরসনে প্রতিটি সাব স্টেশন এলাকার ১০ থেকে ১২ হাজার গ্রাহককে নিয়ে একটি করে বিদ্যুৎ ভোক্তা কল্যাণ সমিতি গঠন করতে হবে।
এখন থেকেই এই কাজ শুরু করার জন্যে তিনি আদেশ দেন। তিনি বলেন, প্রতি মাসে কমপক্ষে একবার এই সমিতির সাথে সভা করে গ্রাহকদের যে সমস্যাগুলো সমাধান করা যায়, করতে হবে।
তিনি নগরীতে বিদ্যুতের অব্যাহত লোভেল্টেজ সমস্যা নিরসনের জন্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্যাপাসিটর ব্যাংক স্থাপনের কাজ শেষ করারও নির্দেশ দেন।
টঙ্গি এলাকা ডেসকোর কাছে হস্তান্তরে বিলম্ব হচ্ছে কেন-- জানতে চাইলে ডেসার পক্ষ থেকে জানানো হয়, সিবিএ’র বাধার কারণে এটি করা যায়নি।
এ পর্যায়ে সিবিএ’র পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, ডেসাকে ইতোমধ্যে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করানোর পর আবার টঙ্গি এলাকা ডেসকো’র কাছে ছেড়ে দেওয়া হবে কেন?
এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সভায় হয়নি।
সভায় তথ্য বিভ্রাট দেখা দেয় পিডিবি’র কাছে ডেসার দেনার পরিমাণ নিয়ে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী পিডিবি’র কাছে ডেসার দেনার পরিমাণ ৪,৭৯৫ কোটি ২ লাখ টাকা; সারচার্জসহ ৮,৩২৬ কোটি ৩৩ লাখ টাকা। তবে ডেসার পক্ষ থেকে সভায় যে রিপোর্ট দেওয়া হয়, সে অনুযায়ী পিডিবি’র কাছে দেনার পরিমাণ ১,৫০০ কোটি টাকার কম।
বিদ্যুৎ বিভাগের সচিব আনহ আখতার সোসাইন, ডেসার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান, ডেসার সিবিএ সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন সভায় উপস্থিত ছিলেন।
