২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকর্ড গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কনকর্ড গ্র“পের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাট করে উত্তরার উত্তরখানে প্রবাসী চিকিৎসক হারুনুর রশীদের বাসা ও জমি দখলের অভিযোগ করেছেন তার ভাই কৃষিবিদ মুজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডা. হারুনুর রশীদের অপর ভাই মাহফুজুর রহমান, ম্যানেজার রানা ও তার স্ত্রী রোজিনা আক্তার।

পরিবারের পক্ষ থেকে মুজিবুর রহমান বাসা ও জমির দখল ফেরত পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, আমেরিকা প্রবাসী ডা. হারুনুর রশীদ ও ডা. মনোয়ারা বেগম দম্পতি ’৮৬ সালে উত্তরখানের মৈনারটেক বাজার এলাকায় প্রায় ছয় একর জমি কিনেন। এর মধ্যে এক একর ১৮ শতাংশ জমি নিয়ে আগের বায়নাকারি নিশিকান্ত মন্ডল আদালতে মামলা দায়ের করেন। ২০০০ সালে মামলাটি নিষ্পত্তি হয়। আদালত ২০০৫ সালের ৩ অক্টোবর ডা. হারুনের প্রতিনিধি মুজিবুর রহমানের কাছে জমির দখল হস্তান্তর করেন।

তিনি বলেন, ’৯৯ সালে চিকিৎসক দম্পতি জমিটি বিক্রির উদ্যোগ নেন। এ সময় কনকর্ড গ্র“প তাদের সাথে বায়না করে। ২০০০ সালের ৭ সেপ্টেম্বরের মধ্যে বাকি অর্থ পরিশোধ করে জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা। কিন্তু কনকর্ড টাকা পরিশোধ ও রেজিস্ট্রেশন না করে চিকিৎসক দম্পতির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে কনকর্ড গ্র“প চুক্তির শর্ত অনুযায়ী বায়নার টাকা ফেরত পাওয়া ছাড়া সকল এখতিয়ার হারায়।

মুজিবুর রহমান অভিযোগ করেন, কনকর্ডের পক্ষে জমির মালিক পক্ষের সাথে যোগাযোগ না করেই গত ৫ জুলাই গ্র“পের এস্টেট অফিসার মাসুদ তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী জমি ও বাসাবাড়ি দখলের চেষ্টা করে। তারা ম্যানেজার রানা ও তার স্ত্রীসহ লোকজনকে মারপিট, বাড়ি ভাংচুর ও লুটতরাজ করে। তারা কয়েকটি বাড়ি ও সীমানা দেওয়াল ভেঙ্গে দেয়।

তিনি জানান, বিষয়টি উত্তরা থানা ও পুলিশের উপ - কমিশনারকে (উত্তর) জানানো হলেও পুলিশ নীরব দর্শক হিসেবে ঘটনা দেখে থানায় ফিরে যায়। এ ব্যাপারে উত্তরা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ নীরব রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশের উপ - কমিশনার (উত্তর) ওবায়দুল হক অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে বলেন, পুলিশই বরং মুজিবুর রহমানকে জমির দখল বুঝিয়ে দেয়।

অভিযোগের ব্যাপারে মন্তব্য করার জন্য কনকর্ডের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।