মেহেরপুরে পুলিশ--সন্ত্রাসী সংঘর্ষে ৪ পুলিশ আহত, ৩ সন্ত্রাসী আটক
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা--সাহেবনগর মাঠে পিততলা ক্যাম্পের পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনায় চার পুলিশ আহত হয়েছে।
এ ঘটনায় তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।
পুলিশ জানায়, পিততলা ক্যাম্পের টহলরত পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাড়াভাঙ্গা--সাহেবনগর মাঠের দিকে যাচ্ছিল। এসময় পাটক্ষেতে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ১০টি বোমা নিক্ষেপ করলে এসআই শওকতসহ চার সিপাই আহত হয়।
পুলিশও পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী আহত হয়। পুলিশ তাদেরকে আহত অবস্থায় আটক করে।
আটককৃত সন্ত্রাসীরা হচ্ছে--বাদল (৩২), রুহুল আমীন (৪৫) এবং মোহাম্মদ নাহারুল (৩৬)।
