ইবিতে নতুন উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার থেকে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মো: সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার দুপুরে শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান এ কথা জানান। সম্মেলনে কোষাধ্যক্ষকে উপাচার্যের দায়িত্ব প্রদান সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাখ্যানসহ লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেয়া ও সব দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করা। এ ছাড়া দায়িত্বের বাইরে কোষাধ্যক্ষের কোন সিদ্ধান্তও শিক্ষকরা মেনে নেবেন না বলে জানানো হয়।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম আনোয়ারুল করিম বলেন, “ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষকদের এ ধরনের আন্দোলন সম্পূর্ণ অবৈধ এবং আইনের পরিপন্থি”।
এর আগে ৮ জুলাই ১০ দিনের মধ্যে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার জন্যে শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। বুধবার শিক্ষক সমিতির বেধে দেওয়া সময় শেষ হয়ে গেলে নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
