পাশ করানোর দাবিতে রংপুর কৃষি ইনস্টিটিউটে ফেল করা ছাত্রদের তাণ্ডব
রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার দাবিতে বুধবার কলেজ ক্যাম্পাসে ব্যাপক তান্ডব চালায়। তারা অধ্যক্ষের কার্যালয় ভাংচুর ও সড়ক অবরোধসহ মিছিল--সমাবেশ করে।
কলেজ সূত্র জানায়, ইনস্টিটিউটের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের মোট ৬৪৮জন পরীক্ষার্থী অংশ নেয়। একমাস আগে প্রকাশিত ফল অনুযায়ী ৬০জন অকৃতকার্য হয়। ফেল করা এই শিক্ষার্থীরা হঠাৎ করে বুধবার জোটবদ্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে সবাইকে পাশ করে দেওয়ার দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়। অধ্যক্ষ তাদের এ অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে ছাত্ররা অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এরপর তারা রংপুর - কুড়িগ্রাম - বগুড়া মহাসড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
অধ্যক্ষ এরশাদ হোসাইন খান সাংবাদিকদের জানান, ফেল করা শিক্ষার্থীদের দাবি পূরণ না করায় তারা এ ঘটনা ঘটায়। তিনি দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান। এদিকে ফেল করা শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষার সময় এক শিক্ষক জন প্রতি এক হাজার টাকা দাবি করেছিলেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে।
