২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রাজস্ব থেকে মূল বেতনের শতভাগ মঞ্জুরি ঘোষণা না হলে আলোচনা নয়: বেসরকারি শিক্ষক আন্দোলন

সরকারের আলোচনা প্রস্তাবের জবাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বুধবার বলেছেন শিগগিরই তাদের দাবি মেনে নিয়ে মূল বেতনের শতভাগ মঞ্জুরি সরকারি রাজস্ব থেকে প্রদানের ঘোষণা দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তারা বলেন, এ ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের পরেই আলোচনা হতে পারে।

এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক জানান, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সাথে আলোচনা করে দুই দিনের মধ্যে অচলাবস্থার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে।

“সরকারের পক্ষ থেকে এ আহবান দেরিতে আসলেও আমরা একে ইতিবাচক সাড়া হিসেবেই গ্রহণ করেছি”, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক কাজী ফারুক আহমেদ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় বসার আগে আমাদের মূল বেতনের শতভাগ রাষ্ট্রীয় খাত থেকে প্রদান করা হবে এ মর্মে সরকারকে গেজেট জারি করতে হবে।

ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বিডিনিউজকে বলেন, “কেবল ঘোষণা আসার পরেই আলোচনায় বসা সম্ভব। আমরা সরকারের কাছ থেকে এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।”

শিক্ষক কর্মচারি সমন্বয় পরিষদের আহ্বায়ক আউয়াল সিদ্দিকীও সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাবের দাবি জানান।

এদিকে শিক্ষক আন্দোলনের সকল প্লাটফর্মের নেতারা অসন্তোষ প্রকাশ করে জানান, সরকার শিক্ষকদের সাথে এ ব্যাপারে কোন ধরনের যোগাযোগ করেনি।

তারা বলেন, “আমরা সব কিছু সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি”।

ধর্মঘটের দ্বাদশ দিনে আন্দোলনরত সকল প্লাটফর্মের শিক্ষক-কর্মচারিরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা দেন।