২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের বড়াইবাড়ী বাঁধ নদীগর্ভে, ৩৫০ পরিবার গৃহহারা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র অনিয়ম এবং দুর্নীতির কারণে কুড়িগ্রামের ধরলা নদীর তীরে অবস্থিত বড়াইবাড়ী বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 11:53 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

স্থানীয়রা অভিযোগে জানায়, পাউবোর কর্মকর্তা--কর্মচারী, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের যোগসাজসে এবং তাদের দুর্নীতির কারণে বড়াইবাড়ী বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। এর জন্য তারাই দায়ী। আড়াই কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধরলা নদীর স্রোতে দেড় কিলোমিটার বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে তিনটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এর ফলে তিনটি গ্রামের সাড়ে তিনশ’ পরিবার ফসলী জমি, ভিটেমাটি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

এছাড়া এখানে প্রায় দু’ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষা বাঁধের নামে ব্লক পিচিং, ডাম্পিং এবং বোল্ডার ডাম্পিং এর কাজ চলছিল তাও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।

কুড়িগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে চরবড়াইবাড়ী গ্রামবাসী দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছে।