২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিএল কলেজে শিবিরের তাণ্ডব: ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন নেতাকর্মীসহ আহত ২৫

খুলনা মহানগরীর দৌলতপুরস্থ সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডবে ছাত্রলীগের ১৮ এবং ছাত্র ইউনিয়নের সাতজন নেতাকর্মীসহ ২৫ জন আহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজের সুবোধচন্দ্র হল, শামসুজ্জোহা হল ও তিতুমীর হলে শিবির ক্যাডাররা ব্যাপক লুটপাট ও ভাংচুর চালিয়েছে। শিবির ক্যাডাররা ক্যাম্পাস থেকে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নকে বের করে দিয়ে নিজেদের দখলে রেখেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার জের ধরে খুলনায় এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় ছাত্রলীগ নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী শিবির ক্যাডারদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কলেজ বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের আহত নেতাকর্মীদের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে ছাত্র শিবিরের নেতাকর্মী ও বহিরাগতরা যৌথভাবে কলেজে মহড়া দিতে থাকে। পরে তারা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করে এবং মিছিল থেকে ছাত্রলীগের বিরুদ্ধে উষ্কানিমূলক স্লোগান দেয়। এক পর্যায়ে শিবির ক্যাডাররা ছাত্রলীগের টেন্টে হামলা চালায়। এসময় দু’ পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া—পাল্টা ধাওয়া শুরু হয়। শিবির ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ইট, লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা করে। এতে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সাইফুজ্জামান মুকুল, আসাদুজ্জমান সোহাগ, রবিশঙ্কর নাগ, শফিফুর রহমান, কমলকৃষ্ণ দেব, আসাদুজ্জামান, মিন্টু দাস, ইউসুফ, শাকিল আহত হয়। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শিবির ক্যাডাররা পরে আবার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র ইউনিয়নের বাকী বিল্লাহ, সিরাজুল ইসলাম, মনোজ দাস, আব্দুল ওয়াহাব বাবলু, আনন্দ দেবনাথ ও প্রদীপ দাস আহত হয়।

ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত সাংসদ মিয়া গোলাম পরওয়ারের ভাই কলেজ সভাপতি মোজাহিদুল ইসলাম এবং সাধারণ ফিরোজ মোল্লার নেতৃত্বে ক্যাডার আবু সাইদ, আফসার ও নুরুল ইসলামসহ বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালায়।

তবে ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রশিবির কোনো হামলা চালায়নি। শিবিরের মিছিল চলাকালে ছাত্রলীগ কটূক্তি করে। ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা--ধাওয়া হয়। এ ঘটনায় দু/ চারজন সামান্য আহত হয়েছে।