২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে উন্নত দেশের বিনিয়োগ কমছে, বাড়ছে উন্নয়নশীলদের বিনিয়োগ

উন্নত দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে বেশি আগ্রহ দেখাচ্ছে উন্নয়নশীল দেশগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে উন্নত দেশগুলোর বিনিয়োগ কমতে কমতে ২০০৫ - ০৬ অর্থবছরের জুলাই - মার্চ সময়ে তিন শতাংশে নেমে এসেছে। ২০০৩ -- ০৪ অর্থবছরের একই সময়ে উন্নত দেশের বিনিয়োগের হার ছিল ৬৪ দশমিক ২১ শতাংশ।

২০০৫ -- ০৬ অর্থবছরের জুলাই মার্চ সময়ের মধ্যে যৌথ উদ্যোগসহ মোট ৯৬ টি বিনিয়োগ প্রস্তাব পাওয়া যায়। বিনিয়োগ বোর্ডে নিবন্ধনকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২১ হাজার ৬৭২ কোটি টাকা।

বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৫ - ০৬ অর্থবছরের প্রথম নয় মাসে মোট বিনিয়োগের মাত্র ২ দশমিক ৯৪ শতাংশ অর্থাৎ ৬৩৭ কোটি টাকার প্রস্তাব ছিল উন্নত দেশগুলোর। ২০০৪-- ০৫ অর্থবছরের একই সময়ে বিনিয়োগের উন্নত দেশগুলোর বিনিয়োগের পরিমাণ ছিল ২২ দশমিক ২৭ শতাংশ, যা ৮৫০ কোটি টাকারও বেশি। ২০০৩ -- ০৪ অর্থবছরের একই সময়ে এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ছিল ৬৪ দশমিক ২১ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি।

অন্যদিকে বিগত কয়েক বছর ধরে দেশের রাসায়নিক, সেবা, টেক্সটাইল, প্রকৌশল এবং কৃষিভিত্তিক খাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগের পরিমাণ বেড়ে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ১৫ টি দেশ যেখানে ২০০৫ ০৬ অর্থবছরের জুলাই মার্চ সময়ের মধ্যে বিনিয়োগ নিবন্ধন করে মাত্র ২ দশমিক ৯৪ শতাংশ, সেখানে সৌদি আরব একাই ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ নিবন্ধন করে বিনিয়োগ বোর্ডের নিবন্ধন তালিকার শীর্ষে অবস্থান করছে। একই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ নিবন্ধনের পরিমাণ ৮ হাজার ৩৫৫ কোটি টাকা।

বেসরকারি একটি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের ট্রাস্টি রাশেদ আল মাহমুদ তিতুমীর বিডিনিউজকে এ ব্যাপারে বলেন, উন্নত দেশগুলো তেল, গ্যাস, মোবাইল টেলিফোন খাতে তাদের বিনিয়োগের ব্যাপারে বেশি বেশি প্রস্তাব বাড়াচ্ছে।

তিনি বলেন, মনে হচ্ছে উন্নত দেশগুলোর বাংলাদেশে বিনিয়োগের প্রয়োজন ফুরিয়ে এসেছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সভাপতি ড. খলিকুজ্জামান আহমেদ বলেন, উন্নত দেশের বিনিয়োগ উন্নত প্রযুক্তি নির্ভর শিল্পের দিকে ধাবিত হচ্ছে, এক্ষেত্রে বাংলাদেশ তাদের জন্য জুৎসই নয়।

তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সেবাখাত, হোটেল ও রেস্টুরেন্টে বিনিয়োগ করছে।