অবশেষে টাটা’র বিনিয়োগ নিয়ে নেগোসিয়েশন কমিটির রিপোর্ট জমা
ভারতীয় টাটা গ্র“প বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব স্থগিত করার এক সপ্তাহ পর সরকারের নেগোসিয়েশন কমিটি মূল্যায়ন পর্ব শেষ করতে পেরেছে। এতে টাটার দেওয়া মূল্য প্রস্তাব গ্রহণ না করার পক্ষে মত দেওয়া হয়েছে।
কমিটি রোববার তাদের মূল্যায়ন টাটার প্রস্তাব বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য সচিব এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে জমা দেয়।
জ্বালানি মন্ত্রণালয়ে টাটা নেগোসিয়েশন কমিটির প্রধান এবং যোগাযোগ সচিব শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন রিপোর্ট জমা দেন।
মাহমুদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, সচিব কমিটি প্রসংশনীয় কাছ করেছে। এটি একটি তথ্যনির্ভর মূল্যায়ন রিপোর্ট।
তিনি জানান, চলতি মাসের মধ্যেই এই প্রতিবেদন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটিতে পেশ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবিনেট।
তবে আগামী নির্বাচনের আগে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে না বলে মাহমুদুর রহমান মনে করেন।
বর্তমান সরকারের মেয়াদকালে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে টাটা গত ১০ জুলাই তার বিনিয়োগ প্রস্তাব স্থগিত করে।
নেগোসিয়েশন সচিব কমিটি তার রিপোর্টে বলেছে, ইস্পাত ও সার উৎপাদনের জন্যে প্রথম ছয় বছরের জন্যে টাটার দেওয়া গ্যাসের ফ্লোর প্রাইস দেড় ও পরে দুই ডলার গ্রহণযোগ্য নয়। কমিটি দেশীয় শিল্পের জন্যে প্রচলিত গ্যাসের দাম যখন যা হবে, তার সমান দামকে ফ্লোর প্রাইস হিসেবে প্রস্তাব করেছে। তবে বলা হয়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) থেকে বাংলাদেশ যে দামে গ্যাস কিনছে, সেই দাম যদি দেশীয় শিল্পের দামের চেয়ে বেশি হয়, তা হলে টাটাকে সর্বনিু গ্যাসের দাম হিসেবে সেটি গ্রহণ করতে হবে।
দেশীয় শিল্পের জন্যে প্রতি হাজার ঘনফুট (প্রায় এক এমএমবিটিইউ এর সমান) গ্যাসের ১৪৫ টাকা ২০ পয়সা যা দুই মার্কিন ডলারের সামান্য বেশি। আইওসি থেকে বর্তমানে সরকার যে দাম গ্যাস কিনছে, তা করপোরেট ট্যাক্স ও পরিবহন খরচসহ দাঁড়ায় ৩ দশমিক ২৮ ডলার।
টাটার প্রোডাক্ট লিংকিং প্রাইসিং ফর্মুলার ব্যাপারে নেগোসিয়েশন কমিটি বলেছে, আন্তর্জাতিক বাজারে ইস্পাত এবং সারের দাম বেশি হলে গ্যাসের দামও সে অনুসারে বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে টাটা’র সর্বোচ্চ সিলিং প্রাইস প্রস্তাব করা হয়েছিল চার ডলার।
নেগোসিয়েশন কমিটি টাটাকে ১০ বছর পর্যন্ত গ্যাস সরবরাহ প্রদানের গ্যারান্টি দেওয়ার পক্ষে। টাটার প্রস্তাবে ১৪ বছর পর্যন্ত গ্যাস সরবরাহ গ্যারান্টি চাওয়া হয়েছিল।
টাটার দেওয়া সংশোধিত প্রস্তাবে সার এবং ইস্পাতের জন্যে প্রথম ছয় বছর গ্যাসের ফ্লোর প্রাইস হিসেবে দেড় ডলার এবং পরে দুই ডলার প্রস্তাব করা হয়েছিল। সে হিসেবে বর্তমান বাজার দর অনুসারে বিনিয়োগের শুরু থেকেই বাংলাদেশ সারের ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ৩ দশমিক ১০ ডলার এবং ইস্পাতের ক্ষেত্রে গ্যাসের দাম প্রায় চার ডলার পেতো বলে টাটা কর্মকর্তারা মনে করেন।
কমিটির রিপোর্টে বলা হয়েছে যে, টাটা বড়পুকুরিয়া কয়লা খনির উন্নয়ন করতে চাইলে তাদের প্রস্তাব গ্রহণ করার শর্ত হিসেবে ইতোমধ্যে পেট্রোবাংলার ব্যয় করা ২৭০ মিলিয়ন ডলার প্রদান করতে হবে। আর টাটা এর জন্যে পেট্রোবাংলাকে ১০ শতাংশ শেয়ার প্রদান করতে চেয়েছে। নেগোসিয়েশন কমিটি মনে করে, পেট্রোবাংলার এই লাইসেন্স গ্রহণ করার জন্যে তাদের আরো ১০ শতাংশ শেয়ার প্রদান করতে হবে।
কমিটি বলেছেন, বর্তমানে ইপিজেড এলাকায় শিল্পকে ১০ বছরের জন্যে এবং এর বাইরে ছয় বছরের জন্যে কর অবকাশ সুবিধা দেওয়া আছে। টাটা ১০ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে। তবে লাফার্জ সুরমা সিমেন্টকে ২২ বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
