বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলে খুচরা মুদ্রার চরম সঙ্কট
বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলে সর্বত্র খুচরা মুদ্রার চরম সঙ্কট দেখা দিয়েছে। মুদ্রা সঙ্কটের কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। বাজারে খুচরা মুদ্রা সরবরাহ না থাকায় ক্রেতা ও বিক্রেতাকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয়রা জানায়, খুচরা মুদ্রার চরম সঙ্কটের কারণে ক্রেতারা যেমন পণ্য কিনতে পারছেন না অন্যদিকে বিক্রেতারাও পারছেন না তাদের পণ্য বিক্রি করতে। স্থানীয় ব্যাংকগুলো চাহিদা মাফিক খুচরা মুদ্রা সরবরাহ করতে পারছে না। ফলে দিনাজপুর জেলায় বেশ কিছুদিন থেকে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার মুদ্রার চরম সঙ্কট দেখা দিয়েছে। মুদ্রা সঙ্কট মোকাবেলা করতে গিয়ে অনেকে মোটা কাগজে ব্যবসা প্রতিষ্ঠানের সিল মেরে ১ ও ২ টাকার কৃত্রিম মুদ্রা তৈরি করে বাজারে ছেড়েছে।
একজন হোটেল ব্যবসায়ী জানান, মুদ্রা সঙ্কটের কারণে তাকে অভিনব পন্থা অবলম্বন করতে হচ্ছে। যেমন খুচরা ১ টাকার জন্য একটি লজেন্স দিয়ে খদ্দের বিদায় করা, কখনও প্রতিষ্ঠানের সীল দেয়া কাগজের টোকেন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে মুদ্রা সঙ্কট নিরসনের জন্য। খুচরা মুদ্রা না থাকায় অনেকে বিল না দিয়ে চলে যাচ্ছে। এর ফলে ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে।
কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, মুদ্রা সঙ্কট ও খুচরা টাকার জন্য ব্যবসা করা সম্ভব হচ্ছে না।
অনেকে বাসা বাড়িতে মাটির ব্যাংকে মুদ্রা সঞ্চয় করে এবং কতিপয় ব্যবসায়ী মুদ্রা সঙ্কট মোকাবেলায় আগাম বিপুল পরিমাণ মুদ্রা সঞ্চয় করে রাখে। এর ফলে বাজারে মুদ্রা সঙ্কট দেখা দিয়েছে বলে অনেকে ধারণা করছেন।
