২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের ধর্মঘট চলবে (আপডেট)

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট তাদের চলমান ধর্মঘট অব্যাহত রাখার কথা আবারো ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ফ্রন্টের আহ্বায়ক ড. কাজী ফারুক আহমেদ শুক্রবার বিডিনিউজকে বলেন, সরকার আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত এই  ধর্মঘট চলবে।

তিনি বলেন, আমাদের দাবি -- দাওয়া সম্পূর্ণ যৌক্তিক।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাভিত্তিক ১১ টি সংগঠনের জোট শিক্ষক কর্মচারি ফ্রন্ট গত ৮ জুলাই থেকে শিক্ষা ধর্মঘট শুরু করে।

ফ্রন্টের দাবি দাওয়ার মধ্যে রয়েছে, ১০ শতাংশ বেতন বৃদ্ধি, বর্তমান স্কেলে চিকিৎসা ভাতা ও প্রবৃদ্ধি এবং সম্মানজনক বাড়িভাড়া, ৬৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, কর্মচারিদের জন্য চাকরিবিধি প্রবর্তন, সব ‘স্টপ পেমেন্ট আদেশ’ প্রত্যাহার করা ইত্যাদি।

প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারি এই ধর্মঘট চালাচ্ছেন। ধর্মঘটের কারণে প্রায় দেড় কোটি ছাত্র -- ছাত্রীর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক -- কর্মচারিদের বেতন -- ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন ব্যানারে গত ৯ জুলাই থেকে একাধিক সংগঠন আন্দোলন করছে।

এদিকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবী--দাওয়া মেনে নিয়ে শিক্ষাক্ষেত্রে সৃষ্ট অচলবাস্থা দূর করার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসদ (জামান) সমর্থিত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুক্রবার নগরীতে এক সমাবেশ করে চলমান শিক্ষা ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।