সরকারের উন্নয়ন কাজ দেখে বিরোধী দল দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের অব্যাহত উন্নয়ন কাজের কারণে বিরোধী দল হতাশ হয়ে বিভিন্ন ধ্বংসাত্মক কর্মসূচি চালাচ্ছে। তারা নিজেরাই এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। তবে এর মধ্যেও সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিএনপি’র ফজলুল হক মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বুধবার সংসদে একথা বলেন।
জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার এক সম্পূরকের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকার সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। বুধবার একনেকের সভায় বগুড়া থেকে রাজশাহী ও খুলনা এলাকার গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির জোট সরকার আগামীতে আবারো ক্ষমতায় এলে উত্তরাঞ্চলসহ সারাদেশে গ্যাস সরবরাহ করা হবে।
নাছিরউদ্দিন স্বপনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত অর্থবছরে সরকার ৪ হাজার ৮১৬ মিলিয়ন ডলার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পেয়েছে।
রিয়াছত আলী বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আমলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা।
