রাজধানীতে ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী গুরুতর আহত
রাজধানীর মগবাজার রেলগেইটের কাছে একদল ছিনতাইকারীর হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়। আহত ব্যবসায়ীর নাম হুমায়ূন কবীর।
হুমায়ন কবীর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মগবাজার রেলগেইটের কাছে এসে পৌঁছলে চার থেকে পাঁচজনের একটি ছিনতাইকারীর দল তার উপর হামলা চালায়।
এসময় হুমায়ুনের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
হুমায়ুন কবীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগে জানায়, মগবাজার রেলগেইটের কাছে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। আর এ সুযোগে ছিনতাইকারীরা প্রায়ই জনসাধারণের সর্বস্ব লুট করে নেয়।
