সরকার পলাতক অপরাধীদের তালিকা তৈরি করবে
সরকার দেশের বিভিন্ন চাঞ্চল্যকর মামলার অভিযুক্ত পলাতক আসামীদের একটি তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার নিয়মিত সভা থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুতের পাশাপাশি সকল অপরাধীর একটি তালিকা প্রণয়ন করা হবে।
সভা সূত্র জানায়, পুলিশ, র্যাব, গোয়েন্দা এবং ডিএমপিদের এই সপ্তাহের মধ্যে ওই তালিকা পেশ করার জন্যে বলা হয়েছে।
এছাড়াও সরকার যশোরে চাঞ্চল্যকর উদীচী হত্যা মামলার তদন্তের কাজ নতুন করে শুরু করবে বলে সভায় জানানো হয়।
স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, আইজিপি আনোয়ারুল ইকবাল, র্যাব ডিজি আব্দুল আজিজ সরকার, ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান এবং বিডিআর’র, আনসার এবং কোষ্ট গার্ড’র মহাপরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।
বাবর বলেন, সরকার পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা বর্তমান সরকারের মেয়াদের শেষের দিকে এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে কোনও ধরণের অপতৎপরতা চালাতে না পারে।
তিনি বলেন, আইন শৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনীদের আগামী সপ্তাহের মধ্যে পলাতক আসামী অথবা সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে পেশ করার জন্যে বলা হয়েছে।
সভায় জানানো হয়, বিভিন্ন ধরনের জটিলতার কারণে ৯০ শতাংশ ছিনতাই এবং অপহরনের ঘটনা পুলি কে জানানো হয় না।
