২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ৪২টি ট্রলারে গণডাকাতি, অর্ধ কোটি টাকার মাছ ও জাল লুট, ৫টি ট্রলারসহ ৬৫জন জেলেকে অপহরণ

বঙ্গোপসাগরে আবারও গণডাকাতি সংঘটিত হয়েছে। জলদস্যুরা শুক্রবার দিনভর ৪২টি ট্রলারে হানা দিয়ে অর্ধ কোটি টাকার মাছ ও জাল লুট করে নিয়ে গেছে। ডিমের চর-দুবলা ও কচিখালী এলাকায় এই ঘটনা ঘটে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জলদস্যুদের হামলায় কমপক্ষে শতাধিক জেলে আহত হয়। এ নিয়ে চলতি মাসে দুই দফায় ৬৮টি ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটলো।

বরগুনা জেলা ট্রলার মালিক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার সকাল ১০ টায় সাগরের ডিমের চর এলাকায় মাছসহ ট্রলারের ওপর হামলা চালায় জলদস্যুরা। সুমন-কামাল বাহিনীর ২০/২৫জন সশস্ত্র সদস্য আটটি ট্রলার থেকে মাছ ও জাল লুট করে নেয়। এরপর জলদস্যুরা ডিমের চর-দুবলা-কচিখালী ও মহিপুরের ৬৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একের পর এক ডাকাতি শুরু করে। টানা ছয় ঘন্টা তারা পাথরঘাটার ১৬টি, বরগুনার ১১টি, পিরোজপুরের ৭টি এবং শরণখোলার ৮টি ট্রলারের মাছ ও জাল লুট করে।   

জলদস্যুরা ডাকাতি শেষে ফেরার পথে পাথরঘাটার কালমেঘা এলাকার এফবি চরমৈষা, বরগুনার নলী এলাকার এফবি সানুসহ পাঁচটি ট্রলারসহ ৬৫জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের মুক্তিপণ বাবদ তারা এক লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে। জলদসুদের কবল থেকে মুক্তি পেয়ে ফিরে আসা কাঞ্চন মাঝি একথা জানান। অপহৃতদের সবার বাড়ি পাথরঘাটার কালমেঘা এলাকার।  

এদিকে ১ জুলাই শনিবারের ঝড়ে সুন্দরবনে আশ্রয় নিতে গিয়ে জলদস্যুদের কবলে পড়া চারটি মাছ ধরা ট্রলার এবং ১৭জন জেলে ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে। বুধবার খুলনার নিরালা কাঁচাবাজার এলাকার একটি হোটেলে লেনদেন হওয়ার পর শনিবার সকালে ট্রলার এবং জেলেদের ছেড়ে দেয়া হয়।