২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরায় ১০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৬

রাজধানীর উত্তরায় সাভার-আশুলিয়া সড়কের আব্দুল্লাপুর স্লুইস গেট এলাকায় পুলিশ বৃহস্পতিবার সকালে ১৪টি চটের বস্তা ভর্তি তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় উত্তরা থানা পুলিশ দুইটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক এবং ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রামের সুজাদপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫), কুমিল্লার দেবীদ্বার বরাত গ্রামের বেলাল হোসেন (২৮), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দেবীপাটন গ্রামের আব্দুল গনি (৫০), নারায়ণগঞ্জের কাঁচপুরের শামসুল হক (২৩) এবং আওলাদ হোসেন (৩২) এবং ময়মনসিংহের চর নিয়ামত গ্রামের আমিনুল ইসলাম (২৮)। ছয়জনের মধ্যে চারজন পরিবহন শ্রমিক এবং দুইজন মাদক সিন্ডিকেটের সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানার ওসি নাইমুর রহমানকে সাথে নিয়ে এস আই কাইয়ুম এবং আবুল হাসেমের একটি দল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে দুইটি ট্রাক, কাগজের প্যাকেটে মোড়ানো তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওসি জানায়, ফিন্সিডিলের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আটককৃত ট্রাকটি (ঢাকা মেট্রো ট-৪৬৫৫) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ যাবার পথে সাভার-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর স্লুইস গেট এলাকায় একটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে অপর ট্রাক (ঢাকা মোট্রো ট-২১৭১) ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে মাল ভর্তি করার সময় পুলিশ ট্রাকটি আটক করে। ট্রাকের চালক জানায় ট্রাকে কাগজ রয়েছে। এছাড়াও একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-০৭৭৫) আটক করেছে।

এ সময় পুলিশ এক জনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অপর পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা দীর্ঘ দিন ধরে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে উত্তরা থানায় মামলার প্রস্তুতি চলছে।