এসসিবিএ সদস্যদের আদালত অবমাননা : নিষ্পত্তির জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট
হাইকোর্ট ১১ জন আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলাটির নিষ্পত্তির জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. জয়নাল আবেদীন এবং বিচারপতি মাসুক হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ সময় মঞ্জুর করে।
এসসিবিএ সভাপতি সোমবার এক আবেদনে সমিতি সংশি¬ষ্ট এ মামলাটি সমিতির মাধ্যমে নিষ্পতির জন্য আদালতের কাছে এক সপ্তাহের সময় প্রার্থনা করেন।
ব্যারিস্টার আমীর-উল ইসলাম আদালতে বলেন, এটি আইনজীবীদের বিষয়। সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করে আমরা এটি নিষ্পত্তি করব।
আদালতে বাদি পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনজীবীদের বিষয়টি আদালতের বেঞ্চে চলে এসেছে। এমনকি এ মামলার কারণে আইনজীবীদের মারধরও করা হয়েছে।
তিনি তার আর্জিতে আরও বলেন, আদালতের মর্যাদা রক্ষায় আদালতকে অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে হবে।
অ্যাড. রবিউল ইসলামের পক্ষে গত ২৯ জুন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী ১১ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। অভিযুক্তদের অধিকাংশ এসসিবিএর বর্তমান ও সাবেক সদস্য।
গত ১১ জুন বিরোধী দল আহুত ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। হাইকোর্টের ওই আদেশ লঙ্ঘন করায় ১১ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত আইনজীবীরা হলেন, সাবেক এসসিবিএ সভাপতি আব্দুল বাসেত মজুমদার, ওজায়ের ফারুক ও মাহবুবে আলম, এসসিবিএর সাবেক সহ-সভাপতি সুব্রত চৌধুরী, বর্তমান সহ-সভাপতি আব্দুল মান্নান খান, সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ও বশির আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক এএম আমিনুদ্দিন এবং নূরুল ইসলাম সুজন, কেএম সাইফুদ্দিন ও খন্দকার মাহবুব হোসেন।
এদিকে রোববার আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলার বাদি আরও ১০ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি সম্পূরক আবেদন দায়ের করেন।
