২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের অবরোধ কর্মসূচি পালনকালে নগরীতে পুলিশী নির্যাতনে পিকেটার নিহত

বিরোধী দলের দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে রোববার নগরীর মহাখালী এলাকায় পিকেটিং করার সময় পুলিশের হাতে আওয়ামী লীগের অঙ্গসংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অভিযোগ করেন, পুলিশের গুলিতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা মিলন (৪৫) নিহত হন। অপর দিকে পুলিশের নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে নিহতের স্ত্রী রেখা অভিযোগ করেন।

যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মিলনের মৃত্যু হয়েছে।

পিকেটিংয়ে অংশ নেওয়া মিলনের কয়েকজন সহযোগী বলেন, বিক্ষোভ চলাকালে কোন প্রকার উষ্কানি ছাড়াই পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি শেল তার মুখে লাগলে ঘটনাস্থলেই মিলন অচেতন হয়ে পড়েন।

পরিচয় প্রকাশে অপরাগ এক পিকেটার বলেন, আহত মিলনের ওপর পুলিশ ব্যাটন দিয়ে হামলা চালায়। এসময় তারা তাকে লাথিও মারে।

এদিকে মিলন নিহত হওয়ার সংবাদ পাওয়ার পরপরই রোববার দুপুরে আওয়মী যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউ এবং স্বেচ্ছাসেবক লীগ ধানমণ্ডিতে পৃথক মিছিল সমাবেশ করে সোমবার সারাদেশে হরতালের ঘোষণা দেয়। তবে পরে বিকেলে ১৪ দলের বৈঠকে ঘোষিত কর্মসূচির ফলে ওই ঘোষণা আর কার্যকর থাকছে না।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ সাংবাদিকদের বলেন, মিলন পুলিশের গুলিতে নিহত হয়েছে।

যদিও তার স্ত্রী রেখা বিডিনিউজকে বলেন, একটি টিয়ার শেল আঘাত করলে প্রথমে তার স্বামী আহত হয়। পরে পুলিশ নির্যাতন চালালে মহাখালী তিতুমীর কলেজের সামনে তার মৃত্যু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মিলনের মৃত্যু হয়েছে।

বালু ব্যাবসায়ী মিলন পিরোজপুরের মঠবাড়িয়াতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন মেয়ে রুমি (২০), রুনা (১০) ও সুমাইয়াকে (৩) রেখে গেছেন।

তত্ববধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী নীতিমালা সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের পদত্যাগ দাবিতে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত দেশব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।