সাফটাকে ফলপ্রসূ করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদিত দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য চুক্তি (সাফটা) শনিবার থেকে কার্যকর হয়েছে।
চুক্তির কার্যকর হওয়ার প্রথম ধাপে শুল্ক উদারীকরণ কর্মসূচির আওতায় (টিএলপি) চুক্তিভুক্ত দেশগুলো শুল্ক হ্রাস সুবিধা ভোগ করবে।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন, সদস্য দেশগুলোর মধ্যে সুদৃঢ় রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠিত না হলে এ অঞ্চলের লোকজন এ শুল্ক উদারীকরণ কর্মসূচি থেকে কোনও সুফল পাবে না।
বাণিজ্য বিশেষজ্ঞ রাশেদ আল মাহমুদ তিতুমীর বিডিনিউজকে এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, সাফটাকে সফল করে তোলার জন্যে সদস্য দেশগুলোর সামনে তিনটি কঠিন পরীক্ষা রয়েছে। এগুলো হচ্ছে: বাণিজ্য বহুমুখীকরণ, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং এ অঞ্চলের দেশগুলোকে একটি কার্যকর অর্থনৈতিক বলয়ের মধ্যে নিয়ে আসা।
তিনি বিডিনিউজকে আরও বলেন, এজন্যে রাজনৈতিক সদিচ্ছার কোনও বিকল্প নেই। সার্ক দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাধা অপসারণ, প্রাতিষ্ঠানিক ঐক্য সাধন এবং বাণিজ্য সহজতর করার পদক্ষেপ নিতে হবে।
টিএলপির আওতায় শনিবার থেকে আগামী দু বছরের মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো স্বল্পোন্নত নয় এমন দেশগুলোকে শুল্ক হার ২০ শতাংশ এবং স্বল্পোন্নত দেশগুলোকে ৩০ শতাংশ কমিয়ে আনতে হবে। স্বল্পোন্নত নয় এমন দেশগুলোকে শুল্কহার ২০ শতাংশ থেকে শুরু করে আগামী পাঁচ বছরে শূন্য থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে। এক্ষেত্রে শ্রীলঙ্কা ছয় বছর সময় পাবে। চুক্তি অনুযায়ী এজন্যে স্বল্পোন্নত দেশগুলোকে আট বছর সময় দেওয়া হয়েছে।
ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের (রিস) মতে, পাঁচ বছরের সময়সীমার মধ্যে টিপিএল বাস্তবায়িত হলে সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছয় বিলিয়ন ডলার থেকে তিনগুণ বেড়ে ১৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
টিপিএল’র আওতায় সাফটার আওতাভুক্ত বৃহত্তম দেশ ভারতের সংবেদনশীল পণ্য রয়েছে ৮৮৪টি। ঠিক একই সংখ্যক পণ্য রয়েছে স্বল্পোন্নত নয় এমন দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার। অপরদিকে স্বল্পোন্নত দেশ ভুটান, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মতো স্বল্পোন্নত দেশের পণ্য রয়েছে ৭৬৩টি। এসব পণ্যের ব্যাপারে টিপিএল প্রযোজ্য হবে না।
তাছাড়া সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় স্পর্শকাতর পণ্যের তালিকায় কৃষি, টেক্সটাইল, রাসায়নিক, চামড়া শিল্পখাতের পণ্য রয়েছে এবং ক্ষুদ্র শিল্পকেও সংরক্ষিত রাখা হয়েছে।
অপরদিকে স্পর্শকাতর বাংলাদেশী পণ্যের তালিকায় সাফটার অধীনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্যে মোট ১ হাজার ২৫৪টি পণ্য রয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, শুল্কহার ২০ শতাংশ ইতোমধ্যে কমিয়ে আনায় টিপিএলের প্রথম ধাপে সদস্য দেশগুলো খুব একটা লাভবান হতে পারবে না।
সম্প্রতি এক সংবাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, ভারত ইতোমধ্যে প্রায় ৪ হাজার ২০০ বাংলাদেশী পণ্যকে পরবর্তী ধাপের তিন বছরের জন্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। শুল্ক কাঠামো তিন বছরে সাফটার শর্ত অনুযায়ী পাঁচ শতাংশ কমিয়ে আনা হবে।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন, ভারত যেসব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে সেগুলো যদি বাংলাদেশ উৎপাদনে সক্ষম না হয় তবে এতে করে কোনও সুফল পাওয়া যাবে না।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সাফটাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে শুল্ক হ্রাসের আওতায় নিয়ে আসা পণ্যগুলো তেমন কোনও ভূমিকা রাখতে পারবে না।
সূত্র আরও জানায়, বাংলাদেশ বর্তমানে ভারতে মোট ১৪২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করছে। অন্যদিকে ভারতে আমদানি করছে দুই বিলিয়ন মার্কিন ডলার। সাফটা বাস্তবায়নের পর আমদানি রপ্তানি বাড়তে পারে।
