দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মিনিবাস সংঘর্ষে নিহত ৮, আহত ৩৬
দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার দুপুরে বিআরটিসি’র একটি মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।
নিহতরা হলো, রীতা শর্মা (৩৮), কৌশিক (১৫), মৌসুমী (১৮), আকতারুল ইসলাম (৫০), ইতিবালা (২৭), কৌশলা (২৮) ও দিপিকা (৮)। নিহত অপরজন হালিমাকে (২২) হাসপাতালে ভর্তি করার পর মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় পৌরসভার উল্লাস সিনেমা হলের সামনে দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, দিনাজপুর থেকে মালবোঝাই বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৩৮৮৩) সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটির (ঢাকা চ-৯১০৪) মুখোমুখি সংঘর্ষে মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে শ্যামল (৫৫), জাকির (২৮), ফয়জুল (৬০), মারুফ (২৩), আসলাম (২৪), মাধব (৩০), রফিকুল (২৮), দিপা (১০), রওশন আরা (৩৫), মহসিন (৫০), জাহেরুল (৩০) এবং ২৪/২৫ বছরের অজ্ঞাত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ও নিহতদের অধিকাংশই বীরগঞ্জ ও ঠাকুরগাঁও বোদা এলাকার বাসিন্দা।
এদিকে অপর এক ঘটনায় একই উপজেলার বীরগঞ্জ বড় বোচা পুকুর এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।
নিহতের নাম জোসেফ দাস (২৬)।
