২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সাভারে পৃথক ঘটনায় দুজন, সিরাজগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জে একজন ও চাঁদপুরে একজনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, সাভারের নরসিংহপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেওয়াজ নামের এক শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় পাঠিয়েছে।

অন্যদিকে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের গাজিরচট মহল্লায় সকাল ৭টার দিকে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধু আত্মহত্যা করে। নিহতের নাম মালেকা বেগম (২৩)।

উভয় ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কামারখন্দ উপজেলার বৃহস্পতিবার এক পষণ্ড স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। নিহতের নাম তারা বাণু।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী শফিকুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে হাসপাতাল মগে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার ভোরে ট্রেনে কাটা পড়ে সেরাফত আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি রেল বস্তিতে।

এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের মঠখোলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মেহেদী (৮)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসলে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।